কামরাঙ্গীরচরে রকি হত্যা ঘটনায় গ্রেফতার ১

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর কামরাঙ্গীরচরে শাহদাত ইসলাম রকি (২৫) হত্যার মামলায় একাধিক মামলার আসামি মো: আরমানকে (২২) গ্রেফতার করেছে পুলিশ ও র‌্যাব-১০। গতকাল বুধবার শরীয়তপুরের নড়িয়া থানার চামটা এলাকায় থেকে তাকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১০ জানায়, কামরাঙ্গীরচরের পূর্ব ইসলামনগর এলাকায় গত মঙ্গলবার পরিকল্পিত সশস্ত্র হামলার ঘটনা ঘটে। ভুক্তভোগী মুদিদোকানের কর্মচারী রকিকে ধারালো চাকু দিয়ে আঘাত করে হত্যা করা হয়। রকি কাজের জন্য সোমবার বাসা থেকে বের হয়। তবে গতকাল ভুক্তভোগীর এক আত্মীয় জানতে পারে রকিকে একজন দুই উরুতে ধারালো চাকু দিয়ে আঘাত করে পালিয়ে গেছে। পা ও প্যান্ট রক্তাক্ত অবস্থায় ভিজে ঘটনাস্থলে পড়ে যায় এবং ভিকটিমের চিৎকারে স্থানীয় লোকজন তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রকিকে মৃত ঘোষণা করে।

র‌্যাব আরো জানায়, ঘটনার পর ভিকটিমের বাবার কামরাঙ্গীরচর থানায় একটি মামলা করেন। মামলার তদন্তকারী কর্মকর্তা পলাতক আসামিদের গ্রেফতারে সহায়তা করার জন্য র‌্যাবকে অনুরোধ জানান।

র‌্যাবের প্রাথমিক তথ্য অনুযায়ী, ভিকটিম রকি মাদকাসক্ত ও এলাকায় গ্রুপিংয়ের সাথে জড়িত ছিল এবং পুলিশের সোর্স পরিচয়ে প্রতিপক্ষকে ভয় দেখানোকে কেন্দ্র করে এই নৃশংস হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে বলে ধারণা করছে র‌্যাব।