লালমোহন (ভোলা) সংবাদদাতা
ভোলার লালমোহনে আগুনে পুড়ে ছাই হয়েছে বসতঘর। বৃহস্পতিবার দুপুর ২টায় উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের রায়চাঁদ এলাকায় আবুল হাশেমের বসতবাড়িতে এ ঘটনা ঘটে। ঘটনাস্থলে ফায়ার সার্ভিস কর্মীরা পৌঁছানোর আগেই একটি ঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে। অন্য একটি ঘরের আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানা গেছে। এ ঘটনায় প্রায়ং পাঁচ লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে বলে জানান ভুক্তভোগীরা।
জানা যায়, আবুল হাশেম ও তার স্ত্রী ঘর তালাবদ্ধ করে গত সপ্তাহে ঢাকায় তাদের ছেলের বাসায় বেড়াতে যায়। বৃহস্পতিবার দুপুরে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগে। স্থানীয় লোকজন ও ফায়ার সার্ভিস কর্মীদের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ছাই হয়ে যায় আবুল হাশেমের পুরো বসতঘর। উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ আজিজ বলেন, বসতঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় একটি লিখিত আবেদন পেয়েছি। ক্ষতিগ্রস্তদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।



