গাজীপুর জেলা প্রতিনিধি
গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) ২১তম করপোরেশন সভা সোমবার অনুষ্ঠিত হয়েছে। গাজীপুর সিটি করপোরেশনের প্রশাসক মো: শওকত হোসেন সরকারের সভাপতিত্বে করপোরেশনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় মহানগরের নাগরিকসেবা, চলমান উন্নয়ন প্রকল্পের গতি বৃদ্ধি, টেকসই ও পরিকল্পিত উন্নয়ন নিশ্চিত করাসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভায় পূর্ববর্তী করপোরেশন সভার কার্যবিবরণী অনুমোদনসহ বিভিন্ন উন্নয়ন প্রকল্প, ডিপিপি, রাজস্ব আদায় ও ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, বর্জ্য ব্যবস্থাপনা, সম্পত্তি ব্যবস্থাপনা এবং নগর অবকাঠামো উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। আলোচনার পর প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণ করা হয়।
সভাপতির বক্তব্যে প্রশাসক মো: শওকত হোসেন সরকার বলেন, ‘গাজীপুর মহানগরীর উন্নয়নকে আমরা শুধু অবকাঠামো নির্মাণের মধ্যে সীমাবদ্ধ রাখতে চাই না। নাগরিকদের জীবনযাত্রার মানোন্নয়ন, পরিচ্ছন্ন ও নিরাপদ পরিবেশ, উন্নত যোগাযোগব্যবস্থা এবং প্রয়োজনীয় নাগরিকসেবা নিশ্চিত করাই আমাদের মূল লক্ষ্য। নগরবাসীর প্রত্যাশা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে প্রতিটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে।’
সভায় গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মিজ তানজিলা খানম বলেন, ‘নাগরিকসেবার মানোন্নয়নে সিটি করপোরেশনের প্রতিটি বিভাগকে আরো সমন্বিত ও ফলাফলভিত্তিকভাবে কাজ করতে হবে। নাগরিকদের কাছে সেবার সুফল পৌঁছে দেয়া হবে।’
তিনি আরো বলেন, ‘গাজীপুরের মতো বৃহৎ মহানগরের নাগরিকসেবা নিশ্চিত করতে শুধু সিটি করপোরেশনের উদ্যোগই যথেষ্ট নয়। আমরা নাগরিকদের প্রত্যাশা ও অভিযোগকে গুরুত্ব দিয়ে সেবাব্যবস্থাকে আরো সহজ, স্বচ্ছ ও জনবান্ধব করার চেষ্টা করছি।’
সভায় প্রধান প্রকৌশলী মো: আব্দুল বারেক, সচিব (ভারপ্রাপ্ত) মো: ফিরোজ আল মামুন, প্রধান রাজস্ব কর্মকর্তা সানিউল কাদের, অতিরিক্ত প্রধান প্রকৌশলী সুদীপ বসাক, প্রধান বর্জ্য ব্যবস্থাপনা কর্মকর্তা মো: সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো: হারুনুর রশিদ, মো: লেহাজ উদ্দিন, মো: হাসিবুল ইসলাম, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তাসহ করপোরেশনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও বিভিন্ন বিভাগের প্রধানরা উপস্থিত ছিলেন।



