বিশ্বাসঘাতক ও মুনাফিকদের উপযুক্ত জবাব দিয়েছে জনগণ : মোয়াজ্জেম হোসাইন হেলাল

Printed Edition

ঢাকা জেলা প্রতিনিধি

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসাইন হেলাল বলেছেন, বিশ্বাসঘাতক ও মুনাফিকদের অতীতে জনগণ উপযুক্ত জবাব দিয়েছে। তিনি ইতিহাস থেকে শিক্ষা নিয়ে জনগণের আকাক্সক্ষার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানান এবং বলেন, অন্যায় ও জুলুমের বিরুদ্ধে জনগণের রায়ই চূড়ান্ত শক্তি।

গতকাল বিকেলে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষ উপলক্ষে ‘জুলাই সনদ’ ও গণভোটের গণরায় বাস্তবায়ন এবং গণহত্যার সাথে জড়িতদের দ্রুত বিচারের দাবিতে কেরানীগঞ্জের কদমতলী গোলচত্বরে ঢাকা জেলা ১১ দলীয় ঐক্যের উদ্যোগে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে জনগণের ক্ষোভ বিস্ফোরিত হয়েছিল। ছাত্রজনতার আন্দোলন দমিয়ে রাখতে নানা ধরনের দমন-পীড়ন চালানো হলেও তা সফল হয়নি। ওই সময় বহু মানুষ নিহত ও নির্যাতনের শিকার হয়েছেন এবং ঢাকা বিশ্ববিদ্যালয়সহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অন্যায়ের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন।

সভাপতির বক্তব্যে ঢাকা জেলা জামায়াতের আমির মাওলানা মো: দেলোয়ার হোসেন বলেন, গুণ্ডাবাহিনীর মাধ্যমে রাজনীতি প্রতিষ্ঠা করা যায় না। তিনি বিএনপির প্রতি আহ্বান জানিয়ে বলেন, অতীত থেকে শিক্ষা নিয়ে এমন কোনো কর্মকাণ্ড করা উচিত নয়, যাতে নতুন করে ফ্যাসিবাদের পুনরাবৃত্তি ঘটে।

সমাবেশে বক্তারা জুলাইয়ের আদর্শ ও চেতনা সমুন্নত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন। তারা বলেন, গণ-অভ্যুত্থানের লক্ষ্য ও উদ্দেশ্য বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশ শেষে একটি মিছিল কদমতলী এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। মিছিল থেকে জুলাই সনদের পূর্ণাঙ্গ বাস্তবায়ন এবং গণহত্যার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিভিন্ন সেøাগান দেয়া হয়।