পোরশা (নওগাঁ) সংবাদদাতা
নওগাঁর পোরশা তেঁতুলিয়া এলাকায় রাস্তায় ডাকাতির প্রস্তুতিকালে পাঁচজন ডাকাত সদস্যকে আটক করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে তেঁতুলিয়া ইউনিয়নের সরাইগাছি টু আড্ডা আঞ্চলিক মহাসড়কের পূর্ব পাশে জনৈক শহিদুল ইসলাম মেম্বারের আম বাগানের সামনে পাকা রাস্তার ওপর থেকে তাদেরকে আটক করা হয়। আটকৃতরা হলেন- চকবিষ্ণুপুর গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে লুৎফর রহমান, শিশা খরপা উত্তর পাড়ার জিল্লু রহমানের ছেলে ছয়ফুল, গোপালগঞ্জ যমুনা বাগানের ইসমাইলের ছেলে দেলোয়ার হোসেন, ছয়ঘাটি গ্রামের মৃত আব্দুল কুদ্দুসের ছেলে সাকিব হোসেন ও সোভাপুর গুচ্ছ গ্রামের জাহিদ হোসেনের ছেলে মানিক মিয়া।
আটককৃতদের কাছ থেকে ডাকাতির সরঞ্জাম হিসাবে দু’টি হাসুয়া ও একটি চায়না করাত উদ্ধার করা হয়েছে। অন্যদিকে, গত বৃহস্পতিবার রাতে গাংগুরিয়া ইউনিয়নের সরাইগাছি বাজারের আনোয়ারের চায়ের দোকানের সামনে সাপাহার টু সরাইগাছিগামী পাকা রাস্তায় ১০০ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ তিন ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটকৃতরা হলেন- নিতপুর পূর্ব দিয়াড়া পাড়ার সমির উদ্দিন ভুলুর ছেলে মোরসালিন, সরাইগাছি গ্রামের ফজর আলীর ছেলে হাবিবুর রহমান হাব্বু ও দক্ষিণ লক্ষ্মীপুর গ্রামের খাইরুল ইসলামের ছেলে রুবেল। পোরশা থানা ওসি সাইফুল ইসলাম জানান, পুলিশের বিশেষ অভিযানের অংশ হিসেবে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়। পাঁচজন ডাকাত ও তিনজন মাদক কারবারিকে শুক্রবার জেল হাজতে প্রেরণ করা হয়েছে।



