ক্রীড়া ডেস্ক
অস্ট্রেলিয়া ওপেনে দাপুটে জয়ে সেমিফাইনাল উঠেছেন স্পেনের কার্লোস আলকারাজ ও বেলারুশ তারকা আরিনা সাবালেঙ্কা। কোয়ার্টার ফাইনালের ম্যাচে গতকাল অস্ট্রেলিয়ার অ্যালেক্স ডি মিনাউরকে ৭-৫, ৬-২ ও ৬-১ সেটে সহজে হারিয়ে শেষ চার নিশ্চিত করেন নাম্বার ওয়ান টেনিস তারকা।
ম্যাচের প্রথম সেটটি ছিল বেশ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ। দুই খেলোয়াড়ই সার্ভ ধরে রাখলেও গুরুত্বপূর্ণ মুহূর্তে অভিজ্ঞতা ও দৃঢ় মানসিকতার পরিচয় দেন আলকারাজ। মিনাউরের সার্ভ ভেঙে ৭-৫ ব্যবধানে প্রথম সেট জিতে নেন তিনি। এরপর ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি চলে আসে নাম্বার ওয়ান তারকার কাছে। আধিপত্য বিস্তার করে দ্বিতীয় ও শেষ সেটও অনায়াসেই নিজের করে নেন এই স্প্যানিশ তরুণ।
এ জয়ে মেলবোর্নে ক্যারিয়ারে প্রথমবারের মতো অস্ট্রেলিয়া ওপেনের সেমির টিকিট পেলেন আলকারাজ। ক্যারিয়ার গ্র্যান্ডস্ল্যামের স্বপ্ন পূরণে আরো একধাপ এগিয়ে গেলেন তিনি। সেমিতে তার প্রতিপক্ষ জার্মানির আলেকজান্ডার জভেরেভ।
এ দিকে কোয়ার্টারে পুরুষ এককের অপর ম্যাচে মার্কিন তারকা লার্নার টিয়েনের প্রতিরোধ ভেঙে সেমিতে জায়গা করে নিয়েছেন আলেকজান্ডার জভেরেভ। দ্বিতীয় সেটে হার ও চতুর্থ সেটে ২০ বছর বয়সী টিয়েনের ব্যাপক প্রতিরোধের মুখে পড়েও ম্যাচ বের করে নিয়ে আসেন জার্মান তারকা। হাড্ডাহাড্ডি লড়াই শেষে ৬-৩, ৬-৭ (৫-৭), ৬-১ ও ৭-৬ (৭-৩) গেমে পরাজয় স্বীকার করে নেন আমেরিকান তরুণ।
এদিকে মহিলা এককে দাপুটে জয় পেয়েছেন নাম্বার ওয়ান আরিনা সাবালেঙ্কা। মার্কিন ইভা জোভিচকে কোনো সুযোগ না দিয়ে একতরফাভাবে জয় তুলে নিয়েছেন ৬-৩, ৬-০ গেমে। তার ভয়ঙ্কর ও দ্রুতগতির সার্ভের কাছে তেমন পাত্তা পাননি জোভিচ। শিরোপার দাবিদার বেলারুশ নারী তারকা সেমিতে মোকাবেলা করবেন এলিনা সভেতোলিনার। এ ছাড়া নারী এককের অপর ম্যাচে একতরফারভাবে যুক্তরাষ্ট্রের কোকো গফকে ৬-১ ও ৬-২ গেমে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করেন ইউক্রেনের এলিনা।



