ক্রীড়া প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি থেকে ভারত ও শ্রীলঙ্কায় শুরু হবে টি-২০ বিশ্বকাপ। অধিকাংশ খেলোয়াড়দের ম্যাচই ভারতে হওয়ার কথা। বিভিন্ন দেশ থেকে বিশ্বকাপে খেলতে আসা পাকিস্তানি বংশোদ্ভূত খেলোয়াড়দের ভারত ভিসা দিচ্ছে না বলে অভিযোগ উঠেছে। যুক্তরাষ্ট্র, ইংল্যান্ড, জিম্বাবুয়ে থেকে শুরু করে বিশ্বকাপে অংশ নিতে যাওয়া প্রায় প্রতিটি দলের কয়েকজন করে ক্রিকেটারকে ভিসা দিচ্ছে না ভারতীয় কর্তৃপক্ষ।
কলকাতার আনন্দবাজার পত্রিকা জানিয়েছে, বিভিন্ন দেশের মোট ৪২ জন পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটারকে বিশ্বকাপ খেলতে যেতে ভিসা দিচ্ছে না ভারত। অথচ এদের অনেকেই এর আগে আইপিএলসহ দ্বিপক্ষীয় সিরিজ কিংবা অন্য কোনো টুর্নামেন্টে ভারতে এসে খেলে গেছেন। তাতে বিপাকে পড়েছে খোদ আইসিসিও। যে কারণে এ সমস্যা মেটাতে কাজ করছে এখন জয় শাহর নেতৃত্বাধীন আইসিসি। ইংল্যান্ডের আদিল রশিদ, রেহান আহমেদ ও সাকিব মাহমুদ, আমেরিকার আলি খান, শায়ন জাহাঙ্গির, নেদারল্যান্ডসের জুলফিকর সাকিব, জিম্বাবুয়ের সিকান্দার রাজার মতো ক্রিকেটাররা পাক-বংশোদ্ভূত। এ ছাড়াও সংযুক্ত আরব আমিরাত, ইতালি ও কানাডাতেও পাক-বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। সব মিলিয়ে প্রায় অর্ধশত পাক-বংশোদ্ভূত ক্রিকেটার টি-২০ বিশ্বকাপে খেলার কথা।
ভারতের ভিসা নীতি অনুযায়ী, ভিসার আবেদন করতে হলে জন্ম নেয়া দেশের পাসপোর্ট ব্যবহার করতে হয়; অর্থাৎ এসব ক্রিকেটারকে পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করে ভিসার আবেদন করতে হয়েছে। সেখানেই সমস্যা হচ্ছে।



