কুষ্টিয়ায় ৪৫ লাখ টাকার কারেন্ট জাল ও মাদক উদ্ধার

Printed Edition

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়া সীমান্তে চোরাচালানবিরোধী পৃথক দুই অভিযানে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় কারেন্ট জাল, মাদক ও বিড়ি জব্দ করেছে বিজিবি ৪৭ ব্যাটালিয়নের সদস্যরা। উদ্ধার করা মালামালের আনুমানিক মূল্য ৪৪ লাখ ৮৫ হাজার টাকা।

জানা যায়, গত ২৬ জুলাই রাত ১টার দিকে ভেড়ামারা উপজেলার বহলবাড়িয়া এলাকায় অভিযান চালায় বিজিবি ব্যাটালিয়ন সদরের একটি টহল দল। অভিযানে মালিকবিহীন অবস্থায় ৫৯০ কেজি ভারতীয় অবৈধ কারেন্ট জাল, ২৫টি চায়না জাল এবং ২৫ কেজি জালের সুতা জব্দ করা হয়। এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৪১ লাখ ৮০ হাজার টাকা।

একই দিন বেলা সাড়ে ৪টার দিকে সীমান্ত এলাকার ধর্মদাহ মাঠে পৃথক অভিযান চালায় ধর্মদাহ বিওপির আরেকটি টহল দল। সেখানে মালিকবিহীন অবস্থায় এক হাজার পিস ভারতীয় নিষিদ্ধ ওষুধ (ডেক্সামেথাসন ও সিপ্রোহেপ্টাডিন ট্যাবলেট) এবং ৯৮ প্যাকেট পাতার বিড়ি উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য তিন লাখ পাঁচ হাজার টাকা।

সীমান্ত এলাকায় চোরাচালান বন্ধে বিজিবির এই কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।