চকরিয়া (কক্সবাজার) সংবাদদাতা
গতকাল ছিল মাতামুহুরি ট্র্যাজেডি দিবস। কক্সবাজারের চকরিয়ায় মাতামুহুরি নদীর চোরাবালিতে আটকা পড়ে পাঁচ মেধাবী শিক্ষার্থীর মর্মান্তিক মৃত্যুর ১৮ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। এ উপলক্ষে শোকাহত পরিবার, স্বজন ও শিক্ষার্থীরা দোয়া মাহফিল এবং কবর জিয়ারতের আয়োজন করেছেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ২০০৮ সালের ১৪ জুলাই চকরিয়ার স্বনামধন্য গ্রামার স্কুলের কয়েকজন শিক্ষার্থী নিয়মিত পরীক্ষা শেষে বিকেলে মাতামুহুরি নদীর চরে ফুটবল খেলতে যায়। খেলা শেষে গোসল করতে নামলে পাঁচ শিক্ষার্থী নদীর চোরাবালিতে আটকা পড়ে নিখোঁজ হয়। পরে চট্টগ্রাম থেকে আসা ডুবুরি দল কয়েক ঘণ্টার উদ্ধার অভিযান চালিয়ে তাদের লাশ উদ্ধার করে।
নিহতদের মধ্যে চকরিয়া পৌরসভার বাসিন্দা বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ আনোয়ার হোসাইনের দুই ছেলে নওশাদ এমশাদ ও মেহরাবও ছিলেন। মর্মান্তিক এ ঘটনায় পুরো চকরিয়াসহ দক্ষিণ চট্টগ্রামে শোকের ছায়া নেমে আসে। শিক্ষার্থী ও সাধারণ মানুষের অশ্রুসিক্ত শেষ বিদায়ে জানানো হয়।
স্থানীয়রা জানান, দীর্ঘ ১৮ বছর পেরিয়ে গেলেও সেই হৃদয়বিদারক ঘটনা এখনো মানুষের স্মৃতিতে অম্লান। প্রতিবছর দিবসটি উপলক্ষে নিহতদের স্মরণে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।
শিক্ষার্থী ও সচেতন মহল মনে করেন, নদী ও জলাশয়ে নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং ঝুঁকিপূর্ণ স্থানগুলো চিহ্নিত করে প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা গ্রহণের মাধ্যমে ভবিষ্যতে এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধ করা সম্ভব।



