১১ বছর পর কারামুক্ত যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আব্দুল মালেক

Printed Edition

দামুড়হুদা (চুয়াডাঙ্গা) সংবাদদাতা

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মহামান্য রাষ্ট্রপতির বিশেষ সাধারণ ক্ষমায় মুক্তি পেয়েছেন চুয়াডাঙ্গার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত বন্দী আব্দুল মালেক। এবারের ঈদে সারা দেশে রাষ্ট্রপতির ক্ষমার আওতায় মুক্তিপ্রাপ্ত চারজন কয়েদির মধ্যে তিনি একজন। গত রোববার সন্ধ্যায় চুয়াডাঙ্গা জেলা কারাগার থেকে তাকে মুক্তি দেয়া হয়।

আব্দুল মালেক চুয়াডাঙ্গা শহরের বুজরুক গড়গড়ি মাদরাসাপাড়ার মৃত মোন্তাজ মালিতার ছেলে। ২০০৭ সালের একটি হত্যা মামলায় আদালত তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছিলেন। তিনি দীর্ঘ ১১ বছর কারাভোগ করেছেন।

চুয়াডাঙ্গা জেলা কারাগারের জেলার মনির হোসেন জানান, গত রোববার বিকেলে ই-মেইলে মুক্তির আদেশ কারাগারে পৌঁছানোর পর প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে বিকেল সাড়ে ৬টার দিকে আব্দুল মালেককে মুক্তি দেয়া হয়। দীর্ঘ দিন পর স্বজনরা তাকে কাছে পেয়ে কারাফটকে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

মুক্তির সময় জেলা সমাজসেবা অধিদফতরের পক্ষ থেকে তাকে একটি লুঙ্গি ও পাঞ্জাবি দেয়া হয়। এ ছাড়া কারা কর্তৃপক্ষ তার অনাদায়ী পাঁচ হাজার টাকা জরিমানা পরিশোধ করে দেয় এবং যাতায়াত ভাড়াবাবদ নগদ এক হাজার টাকা সম্মাননা হিসেবে প্রদান করে।