পৌরকর আদায়কারীরা ট্রাকচালকের দাড়ি ছিঁড়ে ফেললেন

Printed Edition

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকায় পৌরকর না দেয়ার অভিযোগে এক ট্রাকচালকের দাড়ি টেনে ছিঁড়ে ফেলা ও মারধর করার অভিযোগ উঠেছে পৌরকর আদায়কারীদের বিরুদ্ধে। গত সোমবার দুপুরে পৌর এলাকার আলীয়াবাদ গোলচত্বরে এই ন্যাক্কারজনক ঘটনা ঘটে।

ভুক্তভোগী ট্রাকচালক আলমগীরের (৩৫) বাড়ি বরিশালে। তিনি জানান, ঢাকা খামারবাড়ি থেকে নবীনগর কৃষি অফিসের সরকারি মালামাল নিয়ে তিনি শহরে আসেন। কাজ শেষে ফেরার সময় আলীয়াবাদ গোলচত্বরে পৌরকর আদায়কারীদের না পেয়ে তিনি হর্ন বাজিয়ে কনিকাড়ার দিকে যাচ্ছিলেন। এ সময় কয়েকটি মোটরসাইকেলে এসে পৌরকর আদায়কারীরা তাকে ধাওয়া করে। আলমগীর গাড়ি থামিয়ে কর পরিশোধ করলেও রসিদ দেয়ার নাম করে আদায়কারীরা আকস্মিক তার দাড়ি ধরে টান দেয় এবং ছিঁড়ে ফেলে মারধর শুরু করে।

পরবর্তীতে কনিকাড়া গ্রামের লোকজনের সহযোগিতায় ভুক্তভোগী ট্রাকচালক রক্ষা পান। উদ্ধারকারী স্থানীয় বাসিন্দা রহিম মিয়া জানান, তারা সময়মতো উপস্থিত না হলে বড় ধরনের বিপদ ঘটতে পারত। ভুক্তভোগী আলমগীর ক্ষোভ প্রকাশ করে বলেন, আমি যত বড় অপরাধই করি না কেন, সেজন্য কি নবীজির সুন্নত দাড়ি টেনে ছিঁড়ে ফেলবে? হামলাকারীরা পৌরকর আদায়কারী কর্মী হওয়ায় তাদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে নিশ্চিত করতে পারেননি চালক। এ ঘটনায় এলাকায় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।