বড়াইগ্রামে বাগানের ২০০ গাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা

Printed Edition

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রামে দুই ভাইয়ের শ্রম ও অর্থে গড়ে তোলা বরই বাগানের দুই শতাধিক ফলবান গাছ কেটে ফেলার অভিযোগ উঠেছে। গত শুক্রবার ভোররাতে উপজেলার চকনটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাগানের মালিক শাওন আলম একই গ্রামের গোলাম মাওলার ছেলে আসাদুল ইসলামের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন।

ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, কাওসার আহমেদ (৩২) ও তার ছোট ভাই শাওন আলম (২৮) প্রায় ১০-১১ মাস আগে আড়াই বিঘা জমি বছরে ৪৫ হাজার টাকায় লিজ নিয়ে বরই বাগান করেন। বেসরকারি সংস্থার ঋণ ও ধারকর্জের টাকায় গড়ে তোলা বাগানটিতে প্রায় ৬০০টি বরই গাছ ছিল। বাগান পরিচর্যায় লিজের টাকা ও অন্যান্য খরচসহ এ পর্যন্ত তাদের প্রায় সাত লাখ টাকা ব্যয় হয়েছে।

শাওন আলম জানান, শুক্রবার সকালে বাগানে গিয়ে তিনি দেখেন, গেটের তালা ভেঙে ভেতরে ঢুকে দুর্বৃত্তরা দুই শতাধিক বরই গাছ কেটে ফেলেছে। পাশাপাশি জমিতে সেচ দেয়ার পলিথিনের পাইপও নিয়ে গেছে তারা।

শাওনের দাবি, বৃহস্পতিবার তিনি বাগানের সেচপাম্প দিয়ে পাশের এক ব্যক্তির অনুরোধে তার দুই বিঘা জমিতে পানি দেন। এতে পাশের গভীর নলকূপের ম্যানেজার আসাদুল ইসলাম ক্ষুব্ধ হন। পরে এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। এর পর রাতেই গাছ কাটার ঘটনা ঘটে। এ কারণে আসাদুল ইসলামের বিরুদ্ধে তাদের সন্দেহ হয়েছে।

তবে অভিযোগের বিষয়ে আসাদুল ইসলামের বক্তব্য পাওয়া যায়নি। শাওন থানায় অভিযোগ করার পর থেকে তিনি পলাতক এবং তার মোবাইল ফোন বন্ধ রয়েছে বলে জানা গেছে।

বড়াইগ্রাম থানার ওসি শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় লিখিত অভিযোগ পাওয়া গেছে। তদন্ত করে প্রয়োজনীয় আইনগত

ব্যবস্থা নেয়া হবে।