ইউরোপের শীর্ষ পাঁচ লিগের কারা উয়েফা টুর্নামেন্টে

Printed Edition

ক্রীড়া ডেস্ক

ইউরোপের শীর্ষ পাঁচ লিগের ২০২৫-২৬ মৌসুম বহু নাটকীয়তার মধ্য দিয়ে শেষ হয়েছে। নানা কারণে সদ্য শেষ হওয়া এ মৌসুম স্মরণীয় হয়ে থাকবে। ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ২২ বছর পর জয় করল আর্সেনাল। ম্যানচেস্টার সিটি ছেড়ে গেলেন কোচ পেপ গার্দিওলা। লিভারপুলের সাথে দীর্ঘ ৯ বছরের সম্পর্ক শেষ করলেন মোহাম্মদ সালাহ। ইউরোপসেরার প্রতিযোগিতা চ্যাম্পিয়ন্স লিগে জায়গা করে নিলো ইতালিয়ান সিরি ‘আ’ ক্লাব কোমো। ৪৪ বছর পর উয়েফার দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা ইউরোপা ট্রফি ঘরে তুলল অ্যাস্টন ভিলা।

ইউরোপের শীর্ষ পাঁচ লিগ থেকে কারা ইউরোপিয়ান প্রতিযোগিতায় খেলবে আর কারা লিগে অবনমিত হবে, তা-ও নিশ্চিত হয়ে গেছে। একনজরে দেখে নেয়া যাক সেই তালিকা।

ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পেয়েছে আর্সেনাল, ম্যানচেস্টার সিটি, ম্যানচেস্টার ইউনাইটেড, অ্যাস্টন ভিলা ও লিভারপুল। আর ইউরোপের দ্বিতীয় স্তরের প্রতিযোগিতা ইউরোপা লিগে জায়গা হয়েছে বোর্নমাউথ ও স্যান্ডারল্যান্ডের। কনফারেন্স লিগে খেলবে ব্রাইটন। লিগ থেকে অবনমিত হয়েছে ওলভারহ্যাম্পটন, বার্নলি ও ওয়েস্টহ্যাম।

স্প্যানিশ লা লিগায় বার্সেলোনা, রিয়াল মাদ্রিদ, ভিলারিয়াল, অ্যাথলেটিকো মাদ্রিদ ও রিয়াল বেটিস জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপা লিগে আছে সেল্টাভিগো আর কনফারেন্স লিগে গেতাফে। লিগ থেকে অবনমিত হয়েছে রিয়াল ওভেইদো, জিরোনা ও মায়োর্কা।

ইতালিয়ান সিরি ‘আ’র দল ইন্টার মিলান, নাপোলি, এ এস রোমা ও কোমো জায়গা পেয়েছে চ্যাম্পিয়ন্স লিগে। ইউরোপা লিগের জন্য জায়গা নিশ্চিত করেছে এসি মিলান ও জুভেন্টাস। আটালান্টা আছে কনফারেন্স লিগে। সিরি ‘আ’ থেকে নেমে গেল পিসা, ভেরোনা ও ক্রেমোনিচ।

জার্মান বুন্দেসলিগা থেকে চ্যাম্পিয়ন্স লিগে আছে বায়ার্ন মিউনিখ, বরুশিয়া ডর্টমুন্ড, আরবি লিপজিগ ও স্টুটগার্ট। হফেনহেইম ও বায়ার লেভারকুজেন আছে ইউরোপা লিগে। কনফারেন্স লিগে ফ্রেইবুর্গ আর অবনমন হলো হেইডেনহেইম ও সেইন্ট পাউলির।

ফ্রান্স লিগ ওয়ান থেকে চ্যাম্পিয়ন্স লিগে আছে পিএসজি ও লেন্স। ইউরোপা লিগে উঠেছে অলিম্পিক মার্শেই ও রেনেস। কনফারেন্স লিগে মোনাকো। লিগ থেকে নেমে গেল মেটস ও নন্টেস।