ঝুঁকিভাতা চর ভাতা ফ্রি স্বাস্থ্য পরীক্ষা রেশন চান ডিসিরা

Printed Edition

শামছুল ইসলাম

বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের কার্যালয়ের কর্মচারীদের জন্য আইনশৃঙ্খলা বাহিনীর মতো ঝুঁকিভাতা প্রদানের প্রস্তাব করেছেন চট্টগ্রাম ও চাঁপাইনবাবগঞ্জ জেলার প্রশাসক। প্রস্তাবের পক্ষে যুক্তি উপস্থাপন করে তারা বলেছেন, কমিশনার, জেলা প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসারদের কার্যালয়ের কর্মচারীরা আইনশৃঙ্খলা বাহিনীর মতো রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজে ঝুঁকি নিয়ে দীর্ঘ সময়ব্যাপী কাজ করে থাকে বিধায় ঝুঁকি ভাতা চালু করা প্রয়োজন। কর্মচারীগণ প্রটোকল, মোবাইল কোর্টসহ বিভিন্ন কাজে নিয়োজিত থাকেন। ভাতা চালু হলে সেবার মান বৃদ্ধি পাবে বলে মনে করেন তারা। এ ছাড়া সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য স্বাস্থ্য বীমা চালু ও বার্ষিক ফ্রি স্বাস্থ্য পরীক্ষার উদ্যোগ নেয়ার প্রস্তাব করেছেন কুমিল্লার জেলা প্রশাসক। প্রস্তাবের পক্ষে যুক্তি উপস্থাপন করে তিনি বলেন, বর্তমানের মেডিক্যাল ভাতা একটি পরিবারের চিকিৎসা ব্যয়ের জন্য অপ্রতুল। স্বাস্থ্য পরীক্ষা ব্যয়বহুল এবং কর্মকর্তাদের কাজেও ঝুঁকি রয়েছে।

দুর্গম অঞ্চলে মাঠপর্যায়ের কর্মকর্তা-কর্মচারীদের রেশন সুবিধা প্রদান, পাহাড়ি ভাতা মূল বেতনের ৫০ শতাংশ এবং ঝুঁকিভাতা ২৫ শতাংশ বৃদ্ধির প্রস্তাব দিয়েছেন রাঙ্গামাটি ও বান্দরবানের জেলা প্রশাসক। প্রস্তাবের পক্ষে যুক্তি উপস্থাপন করে তারা বলেন, দুর্গম এলাকায় জীবনযাত্রার ব্যয় ও কষ্ট বেশি। রেশন ও বাড়তি ভাতা দিলে জনবল ধরে রাখা ও প্রেষণা বৃদ্ধি পাবে। দুর্গম পাহাড়ি এলাকায় যাতায়াত ও পণ্যের খরচ বেশি হওয়ায় ৫০ শতাংশ পাহাড়ি ভাতা এবং ঝুঁকিপূর্ণ পরিবেশে দায়িত্ব পালনের জন্য ২৫ শতাংশ ঝুঁকিভাতা নির্ধারণ করা হলে উচ্চ ঝুঁকি ও ভৌগোলিক বৈষম্যের ন্যায্য ক্ষতিপূরণ নিশ্চিত হলে মনোবল ও কর্মদক্ষতা বৃদ্ধি পাবে। রেশন সুবিধা দিলে কাজের আগ্রহ ও সেবার মান বাড়বে। এমন ৪৯৮টি প্রস্তাব উঠছে এবারের জেলা প্রশাসক সম্মেলনে।

১২ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের জন্য রেশন সুবিধা দেয়ার প্রস্তাব করেছেন পিরোজপুরের জেলা প্রশাসক। প্রস্তাবের পক্ষে যুক্তি উপস্থাপন করে তিনি বলেন, মূল্যবৃদ্ধি ও বিভিন্ন ব্যয়ে জীবনযাত্রা ব্যয়বহুল হয়ে পড়েছে। ধারদেনা ও ঋণে মানসিক চাপ বাড়ছে। ফলে দায়িত্ব পালনে বিঘœ ঘটছে। রেশন চালু হলে চাপ কমে, জীবনযাত্রা সহজ হবে ও দায়িত্ব পালনে মনোযোগ বাড়বে বলে এই কর্মকর্তা।

চর এলাকায় কর্মরত শিক্ষা, স্বাস্থ্যসেবাকর্মী ও অন্যান্য সরকারি চাকরি জীবিদের চর ভাতা প্রদানের প্রস্তাব করেছেন কুড়িগ্রামের জেলা প্রশাসক। প্রস্তাবের পক্ষে তিনি যুক্তি তুলে ধরে বলেন, চর এলাকায় জীবনযাপন অত্যন্ত কঠিন ও অতিরিক্ত ব্যয়বহুল। প্রতিকূল ভৌগোলিক অবস্থান ও ঝুঁকির কারণে সরকারি চাকরি জীবিরা এখানে থাকতে নিরুৎসাহিত হন। চর ভাতা চালু হলে দক্ষ ও আগ্রহী জনবল চরাঞ্চলে কাজ করতে উৎসাহিত হবে। শিক্ষা, স্বাস্থ্যসহ অন্যান্য সরকারি সেবার মান ও ধারাবাহিকতা নিশ্চিত হবে।

জেলা প্রশাসকের কার্যালয়, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়, উপজেলা ভূমি অফিসে অনিয়মিত শ্রমিক মজুরি হিসেবে নিয়োগকৃত গাড়ি চালকদের বেতন সময়োপযোগী করার প্রস্তাব দিয়েছেন খাগড়াছড়ির জেলা প্রশাসক। প্রস্তাবের পক্ষে যুক্তি উপস্থাপন করে তিনি বলেন, ভূমি অফিসে অনিয়মিত গাড়ি চালকরা মাসে সর্বোচ্চ ১৫ হাজার ৪০০ টাকা পেলেও বাস্তবে ২২ দিনের বেশি কাজ করেন। ছুটির দিনেও দায়িত্ব পালন করতে হলেও অতিরিক্ত বেতন না থাকায় তাদের অনীহা দেখা যায়। বাস্তবতার আলোকে তাদের মজুরি বৃদ্ধি প্রয়োজন বলে মনে করেন এই কর্মকর্তা। চার দিনব্যাপী জেলা প্রশাসক (ডিসি) সম্মেলন শুরু হচ্ছে আগামী রোববার। সম্মেলনে উঠবে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকদের ৪৯৮ প্রস্তাব। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশ আসনে জয়লাভ করে সরকার গঠন করা বিএনপির এটিই প্রথম ডিসি সম্মেলন।

সরকারের নীতিনির্ধারক, জেলা প্রশাসক ও বিভাগীয় কমিশনারদের মধ্যে সামনাসামনি মতবিনিময় এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা দেয়ার জন্য সাধারণত প্রতি বছর ডিসি সম্মেলনের আয়োজন করা হয়। গত বছর অন্তর্বর্তী সরকারের সময়ে ১৬-১৮ ফেব্রুয়ারি তিন দিনব্যাপী এ সম্মেলন অনুষ্ঠিত হয়।

কার্য-অধিবেশনগুলোতে মন্ত্রণালয় ও বিভাগের প্রতিনিধি হিসেবে উপদেষ্টা, সিনিয়র সচিব ও সচিবরা উপস্থিত থাকবেন। অধিবেশনের সময় ৪৯৮টি ছাড়াও ডিসিরা তাৎণিক বিভিন্ন প্রস্তাব তুলে ধরবেন। কার্য-অধিবেশনগুলোতে সভাপতিত্ব করেন মন্ত্রিপরিষদ সচিব।