আলজাজিরা
যুক্তরাষ্ট্রের নতুন দফায় নিষেধাজ্ঞা আরোপ এবং স্থল ও নৌপথ অবরুদ্ধ করার পরিকল্পনাকে পাত্তা না দিয়ে তা সরাসরি প্রত্যাখ্যান করেছে ইরান। গতকাল ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই স্পষ্ট ভাষায় জানান, তেহরানকে লক্ষ্য করে ওয়াশিংটনের প্রস্তাবিত কোনো ধরনের নিষেধাজ্ঞা কিংবা কথিত স্থল অবরোধের কৌশল ইরানের নীতি ও অবস্থানে বিন্দুমাত্র প্রভাব ফেলতে পারবে না।
মার্কিন প্রশাসনের কঠোর সমালোচনা করে বাঘাই বলেন, ১৯৫৩ সালের অনাকাক্সিক্ষত সামরিক অভ্যুত্থানের পর থেকে যুক্তরাষ্ট্র টানা যুদ্ধ, বৈষম্য, মনস্তাত্ত্বিক চাপ এবং নিষেধাজ্ঞার মতো একই দুষ্টচক্রে আটকে রয়েছে। ডেমোক্র্যাট আমলের চরম বিধিনিষেধ কিংবা ট্রাম্পের প্রথম মেয়াদের সর্বাত্মক চাপ প্রয়োগের মার্কিন কৌশল অতীতে সম্পূর্ণ অকার্যকর প্রমাণিত হয়েছে। তিনি আরো উল্লেখ করেন, ওয়াশিংটন সাধারণ ইরানিদের ওষুধ সরবরাহের মতো পথ বন্ধ করে তেহরানকে কোণঠাসা করার সব পথ পরীক্ষা করেছে এবং ব্যর্থ হয়ে শেষ পর্যন্ত বেআইনি সামরিক আগ্রাসনের পথ বেছে নিয়েছে। পররাষ্ট্র দফতরের এই মুখপাত্র জোর দিয়ে জানান, আগে যেসব পুরনো কৌশল প্রয়োগ করে কোনো অর্জন আসেনি, ভবিষ্যতেও সেগুলোর থেকে নতুন কোনো ফলাফল আসবে না।



