চরফ্যাসন (ভোলা) সংবাদদাতা
ভোলার চরফ্যাসন উপজেলার মেঘনা নদী ও বঙ্গোপসাগরের মোহনায় জেলের জালে ধরা পড়েছে ২ কেজি ৬০০ গ্রাম ওজনের একটি বড় ইলিশ। স্থানীয় জেলে ও মাছ ব্যবসায়ীদের কাছে এ ধরনের বড় ইলিশ ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।
গতকাল শুক্রবার বিকেলে মাছটি চরফ্যাশনের আঞ্জুরহাট বকশী মৎস্যঘাটে আনা হলে নিলামে সর্বোচ্চ দরদাতা আড়তদার মো: আকবর ১৪ হাজার টাকায় এটি কিনে নেন।
বকশী মৎস্যঘাট সূত্রে জানা যায়, নাসির মাঝি ও তার সঙ্গীরা মেঘনা ও বঙ্গোপসাগরের মোহনায় শিবচরসংলগ্ন জলসীমায় মাছ ধরার সময় অন্যান্য মাছের সাথে বড় আকারের ইলিশটি জালে ওঠে। পরে সেটি বিক্রির জন্য সাজ মৎস্য আড়তে আনা হয়। ঘাটের ব্যবসায়ী মাহফুজ পরশ জানান, উপস্থিত ব্যবসায়ী ও পাইকারদের অংশগ্রহণে হাকডাকের মাধ্যমে নিলাম অনুষ্ঠিত হয়। এতে সর্বোচ্চ ১৪ হাজার টাকা দর ওঠে।
মৎস্য ব্যবসায়ী মো: আকবর বলেন, বড় আকারের ইলিশের ঢাকার পাইকারি বাজারে ব্যাপক চাহিদা রয়েছে। মাছটি অন্যান্য ইলিশের সাথে ঢাকায় পাঠানো হবে। বর্তমানে ইলিশের সরবরাহ তুলনামূলক কম থাকায় বড় মাছের দামও বেশি রয়েছে।



