সংসদ ভবন চত্বরে গণপূর্ত বিভাগের কার্যালয়ে আগুন তদন্ত কমিটি গঠনের নির্দেশ

Printed Edition

সংসদ প্রতিবেদক

জাতীয় সংসদ ভবন চত্বরে গণপূর্ত বিভাগের একটি কার্যালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে ফায়ার সার্ভিস অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো গেছে। ঘটনায় কেউ হতাহত হয়নি। অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনে তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল।

গতকাল মঙ্গলবার বিকেল সোয়া ৩টার দিকে সংসদ ভবন এলাকায় গণপূর্ত বিভাগ-১-এর নির্বাহী প্রকৌশলীর কার্যালয়ে আগুন লাগে। ফায়ার সার্ভিস সূত্র জানায়, কার্যালয়ের একটি কক্ষে থাকা এসির ভেতর থেকে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা মো: শাহাজাহান শিকদার জানান, ফায়ার সার্ভিসের সদস্যদের দ্রুত তৎপরতায় বিকেল ৪টার আগেই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনা হয়। এ ঘটনায় কোনো হতাহত বা উল্লেখযোগ্য ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

ফায়ার সার্ভিসের প্রাথমিক ধারণা, এসির বৈদ্যুতিক ত্রুটি থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকতে পারে। তবে অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ নিশ্চিত হতে তদন্ত করা হচ্ছে।

এ দিকে আগুন লাগার খবর পেয়ে জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল এবং জাতীয় সংসদ সচিবালয়ের সচিব তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন। তারা সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে ঘটনার বিস্তারিত জেনে প্রয়োজনীয় নির্দেশনা দেন।

জাতীয় সংসদ সচিবালয় জানায়, অগ্নিকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে করণীয় নির্ধারণের লক্ষ্যে একটি তদন্ত কমিটি গঠনের নির্দেশ দিয়েছেন ভারপ্রাপ্ত স্পিকার।