নারায়ণগঞ্জ প্রতিনিধি
নারায়ণগঞ্জের বন্দর উপজেলার একটি বিদ্যুৎ উপকেন্দ্রে আগুনের ঘটনা ঘটেছে। আগুন অল্প সময়ের মধ্যে নেভানো গেলেও আশপাশের এলাকায় বেশ কিছুক্ষণ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন ছিল বলে জানিয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শিবানী সরকার।
গতকাল বুধবার সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে উপজেলার মদনগঞ্জ এলাকায় মদনগঞ্জ ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ‘ওপেন ইয়ার্ডে’ আগুন লাগে। তবে, ‘যান্ত্রিক গোলযোগের’ কারণে ঘটনাটি ঘটেছে বলে জানিয়েছেন ইউএনও।
বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মুক্তার আশরাফ উদ্দিন বলেন, ‘অগ্নিকাণ্ডের ঘটনার পরপরই আশপাশের এলাকাগুলোতে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। থানা এলাকাতেও বিদ্যুৎ সংযোগ নেই।’
অগ্নিকাণ্ডের ঘটনার পর উপকেন্দ্রটি পরিদর্শন করেছেন ইউএনও শিবানী সরকার। তিনি বলেন, বিদ্যুৎ গ্রিডের যিনি ইনচার্জ এবং ডিজিএম, তাদের সাথে কথা হয়েছে। তাদের ভাষ্য, যান্ত্রিক গোলযোগ থেকেই আগুনের ঘটনা ঘটেছে। তবে, আগুন দ্রুত সময়ের মধ্যেই নিভিয়ে ফেলা সম্ভব হয়েছে।
সন্ধ্যা ৭টার দিকে মুঠোফোনে এ সরকারি কর্মকর্তা বলেন, ১০ মিনিট আগেই বিদ্যুৎ সরবরাহ আবার চালু হয়েছে।



