ক্রীড়া প্রতিবেদক
লাল সবুজের ক্রীড়াবিদদের সামনে নতুন বছরে ঠাসা সূচি। ক্রিকেটে রয়েছে বিশ^কাপ, সিরিজে রয়েছে টেস্ট, ওয়ানডে, টি-২০ এবং ২০২৭ ওয়ানডে বিশ^কাপ চ্যালেঞ্জ। ২০২৬ বাংলাদেশ ক্রিকেটের জন্য একটি সুযোগ। নতুন প্রজন্মকে তুলে আনা, অভিজ্ঞতার সঙ্গে মিশিয়ে দলকে আরও শক্তিশালী করা। দর্শক-ভক্তদের প্রত্যাশা থাকবে দলে নতুন রূপ-জুটি-সফলতা। ঘরোয়া ও আন্তর্জাতিক সিরিজে নিয়মিত অংশগ্রহণ, নতুন খেলোয়াড় অন্তর্ভুক্তি, ধারাবাহিকতা আনা এবং পারফরম্যান্সে ধার বজায় রাখার দিকে নজর রাখতে হবে। বাংলাদেশের আসন্ন ক্রিকেট ম্যাচ ২০২৬ কেবল সময়সূচি নয়, এটি একটি সুযোগ, একটি পরিকল্পনা এবং ভবিষ্যৎ গড়ার মঞ্চ। ঘরোয়া সিরিজ, আন্তর্জাতিক সিরিজ, বিশ্বকাপ, ওয়ানডে রথ্যাঙ্কিং সব কিছু মিলিয়ে ২০২৬ হবে চ্যালেঞ্জ এবং সম্ভাবনার বছর। যদি দল, ম্যানেজমেন্ট এবং খেলোয়াড়রা মিলিয়ে কাজ করেন, তাহলে ২০২৬ সালের শেষে বাংলাদেশ হতে পারে আরও প্রতিযোগিতামূলক, আরও আত্মবিশ্বাসী এবং ২০২৭ সালের বিশ্বকাপের জন্য প্রস্তুত।
দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়েতে ২০২৭ সালের অক্টোবর-নভেম্বরে ১৪ দলে অংশগ্রহনে হবে ১৪তম ওয়ানডে বিশ্বকাপ ক্রিকেট। দুই সহ-আয়োজক দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ে বিশ্বকাপে সরাসরি খেলবে। বাকি ১২টি দল বাছাই পর্ব অতিক্রম করে যোগ্যতা অর্জন করবে। এই বাছাই পর্বের মধ্যে ৮টি দল সরাসরি খেলার সুযোগ পাবে। ২০২৭ সালের মার্চ পর্যন্ত আইসিসি র্যাংকিংয়ে সেরা আটে (দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে ছাড়া) থাকবে যে দলগুলো, তারা বিশ্বকাপে সরাসরি খেলবে। বাকি চারটি দল বাছাইপর্বের মাধ্যমে নির্বাচিত হবে। যেটি অনুষ্ঠিত হবে নামিবিয়ায়।



