শাহজাদপুর (সিরাজগঞ্জ) সংবাদদাতা
সিরাজগঞ্জের শাহজাদপুরে পরিবহন ব্যবসা নিয়ন্ত্রণকে কেন্দ্র করে দুই পরে সংঘর্ষে বিএনপির তিন নেতাসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। গত বুধবার রাত ৮টার দিকে পৌর সদরের বিসিক বাসস্ট্যান্ডে নবীনবরণ কাউন্টার এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয়রা জানায়, চলতি বছর ছাত্র-জনতার আন্দোলনের আগে এলাকার পরিবহন ব্যবসা নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগ সমর্থক ও হাসিব পরিবহনের মালিক হারুনর রশীদ। তবে সরকারের পরিবর্তনের পর ন্যায্য অধিকার দাবি করায় হারুনর রশীদ ও তার অনুসারীরা বিরোধীদের ওপর হামলা চালায়। এ সময় বিএনপির সাবেক সভাপতি আব্দুস সালাম, ওয়ার্ড সদস্য সাদ্দাম হোসেন, যুবদলের সদস্য মো: মিঠুন ও মো: মোয়াল্লেমসহ ১০ জন আহত হন। আহতদের সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহজাদপুর থানার সেকেন্ড অফিসার মাহবুব বলেন, দীর্ঘদিনের বিরোধের জেরে সংঘর্ষের ঘটনা ঘটেছে।



