সংশোধন শেষে ঘুরে দাঁড়িয়েছে পুঁজিবাজার

পর্ষদে নারী পরিচালক নিয়োগের সময় বাড়ল

Printed Edition

অর্থনৈতিক প্রতিবেদক

তিনদিনের টানা সংশোধনের পর যথারীতি ঘুরে দাঁড়িয়েছে দেশের পুঁজিবাজার। গতকাল দেশের দুই পুঁজিবাজারেই লেনদেনও সূচকের উন্নতি ঘটে। সকাল থেকে সাবলিলভাবে এগিয়ে যাওয়া লেনদেনে বড় কোনো বিক্রয়চাপ না থাকায় বাজারগুলো সূচকের বড় উন্নতি ধরে রাখতে সক্ষম হয়। এ সময় সূচকের উন্নতির পাশাপাশি বৃদ্ধি পেয়েছে দুই বাজারের লেনদেনও। এর আগে গত সপ্তাহের শেষ দুই কর্মদিবস ও এ সপ্তাহের প্রথম কার্যদিবসে বড় ধরনের সংশোধন ঘটে।

পুঁজিবাজার বিশ্লেষকদের মতে, পুঁজিবাজারের এটি স্বাভাবিক আচরণ। গত সপ্তাহের শেষ দিকে শুরু হওয়া সংশোধন এ সপ্তাহের প্রথম কর্মদিবসেই অব্যাহত ছিল। মুনাফা তুলে নিতে গিয়ে তিন দিনের টানা সংশোধন বাজারের মূল্যস্তর অনেক কমে যায়। ফলে বিনিয়োগকারীরা নতুন করে বিনিয়োগে ফেরেন। এতে একদিকে সূচকের বড় ধরনের উন্নতি ঘটে অন্যদিকে লেনদেনও বৃদ্ধি পায়। তারা মনে করেন,পুঁজিবাজারকে টেকসই হতে হলে এ ধরনের সংশোধন অপরিহার্য।

প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স গতকাল ৫৫ দশমিক ৪০ পয়েন্ট উন্নতি ধরে রাখে। সোমবার সকালে ৫ হাজার ৭৬৪ দশমিক ৩৬ পয়েন্ট থেকে লেনদেন শুরু করা সূচকটি গতকাল দিনশেষে ৫ হাজার ৮৩৮ দশমিক ৭৭ পয়েন্টে স্থির হয়। এ সময় বাজারটির দুই বিশেষায়িত সূচক ডিএসই-৩৯ ও ডিএসই শরিয়াহ সূচকের উন্নতি ঘটে যথাক্রমে ১৫ দশমিক ৩৫ ও ১১ দশমিক ২৭ পয়েন্ট। অনুরূপভাবে দেশের দ্বিতীয় পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সবগুলো সূচকের বড় ধরনের উন্নতি ঘটে। এখানে প্রধান সূচক তথা সার্বিক মূল্যসূচক ১২৬ দশমিক ৬২ পয়েন্ট উন্নতি ধরে রাখে। ১৫ হাজার ৪৭৮ দশমিক ৩৩ পয়েন্ট থেকে সকালে যাত্রা করা সূচকটি বিকেলে পৌঁছে যায় ১৫ হাজার ৬০২ দশমিক ৯৯ পয়েন্টে। বাজারটির দুই বিশেষায়িত সূচক সিএসই-৩০ ও সিএসসিএক্স সূচকের উন্নতি ঘটে যথাক্রমে ১১৩ দশমিক ০৮ ও ৬৯ দশমিক ৭৭ পয়েন্টে।

সূচকের সাবলিল আচরণ গতকাল বিনিয়োগকারীদের আবার বাজারমুখো করে। এতে দুই বাজারেই লেনদেনের উন্নতি ঘটে। ঢাকা শেয়ারবাজার গতকাল ৮৭২ কোটি টাকার লেনদেন নিষ্পত্তি করে যা আগের দিন অপেক্ষা ৯২ কোটি টাকা বেশি। রোববার ডিএসইর লেনদেন ছিল ৭৬৯ কোটি টাকা। একইভাবে লেনদেন বেড়েছে চট্টগ্রাম স্টকেও। গতকাল সিএসই লেনদেন ছিল ১৬ কোটি টাকা। রোববার বাজারটির লেনদেন ছিল মাত্র পাঁচ কোটি টাকা।

সোমবার সকালে লেনদেন শুরুর আধঘণ্টার মধ্যে ঢাকা স্টকের প্রধান সূচকটি পৌছে যায় ৫ হাজার ৮৩৭ পয়েন্টে। এ সময় সূচকটির উন্নতি রেকর্ড করা হয় ৫৩ পয়েন্ট। লেনদেনের এ পর্যায়ে সাময়িক বিক্রয়চাপ তৈরি হয়। পৌণে ১১টার দিকে সূচকটি ৫ হাজার ৮২৩ পয়েন্টে নেমে আসে। তবে এ প্রবণতা বেশিক্ষণ স্থায়ী হয়নি। কয়েক মিনিটের ব্যবধানে সূচকটি আবার পৌঁছে যায় ৫ হাজার ৮৫১ পয়েন্টে। দিনের বাকি সময় অনেকটা বিক্রয়চাপমুক্ত ছিল বাজারটি। লেনদেনের শেষদিকে এসে সমন্বয়ের কারণে ৫ হাজার ৮২৯ পয়েন্টে স্থির হয় সূচকটি।

গতকাল পুঁজিবাজারের সবগুলো খাতেই মূল্যবৃদ্ধি ঘটে। কোনো কোনো খাতে মূল্যবৃদ্ধি ঘটে শতভাগ কোম্পানির। এগুলো মধ্যে ছিল সিরামিক, চামড়া শিল্প, টেলিকমিউনিকেশন, সেবা, কাগজ শিল্প, মিউচুয়াল ফান্ড ও পাট শিল্প। ব্যাংক ও বীমা খাতের প্রবণতা ছিল মিশ্র। এভাবে দিনশেষে ডিএসইর লেনদেনে অংশ নেয়া কোম্পানির ৮০ শতাংশের বেশি কোম্পানি ও ফান্ডের মূল্যবৃদ্ধি ঘটে। এখানে লেণদেনে অংশ নেয়া ৩৯১টি কোম্পানি ও ফান্ডের মধ্যে ২৯৯টির মূল্যবৃদ্ধির বিপরীতে দরপতনের শিকার ছিল ৫৩টি। অপরিবর্তিত ছিল ৩৯টি কোম্পানির শেয়ারদর। অপরদিকে চট্টগ্রাম স্টকে লেনদেনে অংশ নেয়া ২৩২টি সিকিউরিটিজের মধ্যে দাম বাড়ে ১৪৫টির। এখানে ৬৪টি কোম্পানি দর হারায় এবং দর অপরিবর্তিত ছিল ২৩টি সিকিউরিটিজের।

এদিকে পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানিগুলোর পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র নিয়োগের সময়সীমা আরো এক বছর বাড়িয়েছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এ নিয়োগ সম্পন্ন করার সর্বশেষ সময়সীমা নির্ধারণ করা হয়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বর। রোববার (২৬ জুলাই) এ সংক্রান্ত এক নির্দেশনা জারি করেছে বিএসইসি।

কমিশনের নির্দেশনায় বলা হয়, করপোরেট গভর্ন্যান্স কোড ২০১৮-এর শর্ত অনুযায়ী, তালিকাভুক্ত কোম্পানির পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োাগ বাধ্যতামূলক। এর আগে কমিশনের বিভিন্ন প্রজ্ঞাপন ও নির্দেশনার আলোকে এ নিয়োগের সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত নির্ধারণ করা হয়েছিল। সর্বশেষ সিদ্ধান্তে কমিশন ওই সময়সীমা আরো এক বছর বাড়িয়ে ৩১ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত নির্ধারণ করেছে। একইসাথে কমিশনের এ সিদ্ধান্ত সংশ্লিষ্ট সব পক্ষের কাছে দ্রুত পৌঁছে দিতে স্টক এক্সচেঞ্জগুলোকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেয়া হয়েছে।

বিএসইসির নেয়া এ সিদ্ধান্তের ফলে যেসব তালিকাভুক্ত কোম্পানি এখনো পরিচালনা পর্ষদে নারী স্বতন্ত্র পরিচালক নিয়োগ সম্পন্ন করতে পারেনি, তারা নতুন নির্ধারিত সময়সীমার মধ্যে এ শর্ত পরিপালনের সুযোগ পাবে।

গতকাল ঢাকা শেয়ারবাজারে লেনদেনের শীর্ষে উঠে আসে ফারইস্ট নিটিং অ্যান্ড ডাইং। ৩১ কোটি ৭৮ লাখ টাকায় এক কোটি ১৬ লাখ ৩১ হাজার শেয়ার হাতবদল করে কোম্পানিটি। ১৯ কোটি ৫৭ লাখ টাকায় ৬১ লাখ ৬১ হাজার শেয়ার লেনদেন করে লেনদেনের দ্বিতীয় স্থানে উঠে আসে আইপিডিসি ফিন্যান্স। ডিএসইর লেনদেনে শীর্ষ দশ কোম্পানির অন্যগুলো ছিল যথাক্রমে ডমিনেজ স্টিল বিল্ডিং সিস্টেম, এম এল ডাইং, ড্রাগন সোয়েটার, আইটি কনসালটেন্ট, স্কয়ার ফার্মাসিউটিক্যালস, শার্প ইন্ডাস্ট্রিজ, বেক্সিমকো লিঃ ও ইন্দু বাংলা ফার্মাসিউটিক্যালস।