মহান বিজয় দিবসে ফ্রান্সে মেধাবী শিক্ষার্থী ও গুণীজন সংবর্ধনা

Printed Edition

প্যারিস (ফ্রান্স) প্রতিনিধি

মহান বিজয় দিবস উপলক্ষে বাংলাদেশী নাগরিক পরিষদ ফ্রান্সের উদ্যোগে প্রথমবারের মতো মেধাবী শিক্ষার্থী ও গুণীজনদের সংবর্ধনা দেয়া হয়েছে। রোববার বিকেলে প্যারিসের একটি অভিজাত মিলনায়তনে ফ্রান্সে বসবাসরত বিপুলসংখ্যক বাংলাদেশীর উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশে এ আয়োজন করা হয়।

বাংলাদেশী নাগরিক পরিষদের সেক্রেটারি ইমরান আহমদ, নুসরাত উদ্দিন ও রাবেয়া আক্তার সুবর্ণার যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সভাপতি আবুল খায়ের লস্কর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রিটেনে বাংলাদেশী বংশোদ্ভূত প্রথম বিচারক মোহাম্মদ বেলায়েত হোসাইন, বিশেষ অতিথি ছিলেন বিশিষ্ট অনলাইন অ্যাক্টিভিস্ট ডা: পিনাকী ভট্টাচার্য।

আরো উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম, খন্দকার হোসাইন, এফবিজেএ সমন্বয়ক মোহাম্মদ মাহবুব হোসাইন, বিশিষ্ট ব্যবসায়ী তানজীম হায়দার, এফবিজেএ মুখপাত্র ও ফরাসি গণমাধ্যম ফ্রান্স টুয়েন্টিফোরের সাংবাদিক মোহাম্মদ আরিফ উল্লাহ, অনলাইন অ্যাক্টিভিস্ট মীর জাহান, কমিউনিটি নেতা ওবায়দুল্লাহ কয়েছ, সাবেক ছাত্রনেতা আব্দুল মুকিত খান, এক্টিভিস্ট ও দ্য জার্নাল সম্পাদক ফয়সাল আহমেদ প্রমুখ।

অনুষ্ঠানে ফ্রান্সে বিভিন্ন ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখা বাংলাদেশী বংশোদ্ভূতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

সংবর্ধিত পেশাজীবীরা হলেন, দিয়ান আশরাফ, বেগম জামিলা, রিতা তালুকদার, ব্রিয়ান খন্দকার, আফনান খান, ডা: শাহ মারজান, সাইমা আব্দুল্লাহ, শাহ জামসেদ, ইমরান চৌধুরী ও এন কে নয়ন।

এ ছাড়াও ফ্রান্সে বসবাসরত বাংলাদেশী বংশোদ্ভূত যেসব শিক্ষার্থী শিক্ষাক্ষেত্রে মেধার স্বাক্ষর রেখেছেন, তাদের হাতেও সম্মাননা স্মারক তুলে দেয়া হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। প্যারিস শিল্পী গোষ্ঠীর আয়োজনে গান, কবিতা, কৌতুক ও নাটিকার পরিবেশনা উপস্থিত নারী, পুরুষ ও শিশু দর্শকদের মুগ্ধ করে।