ঝালকাঠি প্রতিনিধি
ফেসবুক লাইভে রাকিব নামে এক ব্যক্তি নিজের বিষপান করে তার দুই ছেলেও বিষপান করিয়েছেন। লাইভে এসে তিনি তার বন্ধু সাগরকে মেনশন করে বলেন, ‘সাগর তুই তোর নিজের স্বার্থের জন্য সব করতে পারলি। নিজে প্রতিষ্ঠিত হলি। আমাদের তুই কোনো খোঁজ রাখলি না। দুঃখেকষ্টে আমি চলে গেলাম। শান্তির পৃথিবীতে তুই একাই থাক, শান্তি করে দিলাম। আমরা সবাই চলে গেলাম।’
ঝালকাঠি শহরের সুতালড়ি এলাকায় গত মঙ্গলবার সন্ধ্যায় রাকিব নিজ ঘরেই এ ঘটনা ঘটিয়েছেন। প্রতিবেশীরা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে হাসপাতাল কর্তৃপক্ষ তাদেরকে বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে প্রেরণ করেন। ফেসবুক লাইভে বিষ পানের সময় রাকিবের স্ত্রী ঘরে ছিলেন না।
রোগী বহনকারী রাকিবের প্রতিবেশী ও সম্পর্কে চাচা জুয়েল জানান, আমরা সন্ধ্যায় (মাগরিবের আগ মুহূর্তে) রাকিবের ঘরে চিৎকারের শব্দ পেয়ে দৌড়ে যাই। গিয়ে দেখি রাকিব, তার ছেলে নিবীড় ও আবির- এই তিনজনই ছটফট করছে। তখন বিষের গন্ধ পাওয়ায় তাৎক্ষণিকভাবে অন্য প্রতিবেশীদের সহায়তায় তাদেরকে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তারা তিনজনই বরিশাল শের-ই-বাংলা চিকিৎসা মহাবিদ্যালয়ে চিকিৎসাধীন আছেন।



