ফুলগাজীতে ৭ হাজার কৃষক কার্ড বিতরণ করবেন প্রধানমন্ত্রী

Printed Edition

ফেনী অফিস ও ফুলগাজী সংবাদদাতা

আগামী ১৭ সেপ্টেম্বর ফেনী সফরে এসে ফুলগাজীতে সাত হাজারের বেশি কৃষককে ‘কৃষক কার্ড’ বিতরণ করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার ফুলগাজী সরকারি পাইলট হাই স্কুল মাঠ পরিদর্শন শেষে কৃষি এবং মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ এ তথ্য জানান। অনুষ্ঠানে কৃষক কার্ডের পাশাপাশি ফ্যামিলি কার্ড এবং ধর্মীয় উপাসনালয়ের সেবকদের সম্মানী ভাতার উদ্বোধন করা হবে।

পরিদর্শনকালে কৃষিমন্ত্রী জানান, সারা দেশে পর্যায়ক্রমে দুই কোটির বেশি কৃষকের মধ্যে এই কার্ড পৌঁছে দেয়া হবে। প্রাথমিক পর্যায়ে দেশজুড়ে এক লাখ ১০ হাজার কার্ড বিতরণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।

দেশে সার সঙ্কট প্রসঙ্গে মন্ত্রী স্পষ্ট করেন, সারের পর্যাপ্ত মজুদ রয়েছে এবং নিয়মিত সার আমদানি করা হচ্ছে। তবে কিছু অসাধু ব্যবসায়ী কৃত্রিম সঙ্কট তৈরির চেষ্টা করছে উল্লেখ করে তিনি বলেন, ডিলারের পরিবর্তে বিভিন্ন ব্যক্তিগত গোডাউনে সার জমা করে সমাজকে ক্ষতিগ্রস্ত করা হচ্ছে।

এ সময় কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো: ইয়াসীন, জেলা প্রশাসক মোহাম্মদ মাহবুবউল করিম ও উপজেলা বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বিকেলে মন্ত্রী ফেনী সার্কিট হাউজে জেলা পর্যায়ের কর্মকর্তাদের সাথে মতবিনিময় করেন।