ত্রিদেশীয় সিরিজের ফাইনালে ইমার্জিং দল

Printed Edition

ক্রীড়া প্রতিবেদক

দুই জয়ে ৪ পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করল টাইগার ইমার্জিং দল, যেখানে তাদের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। ত্রিদেশীয় সিরিজে ইউনিভার্সিটি স্পোর্টস সাউথ আফ্রিকা (ইউএসএসএ) দলকে ৭ উইকেটে হারিয়ে ফাইনালে উঠে গেছে বাংলাদেশ ইমার্জিং দল। আগে ব্যাট করে সবকটি উইকেট হারিয়ে ১৬৬ রান করে ইউএসএসএ দলটি। জবাবে ১৬৯ বল বাকি থাকতে ৩ উইকেট হারিয়ে ১৬৭ রান করে জয় তুলে নেয় বাংলাদেশ। ৪ ম্যাচের সবগুলো হেরে বিদায় নেয় ইউএসএসএ। অন্য দিকে বাংলাদেশ ৪ এবং দক্ষিণ আফ্রিকা ৬ পয়েন্ট পেয়ে ফাইনালে। ৯ আগস্ট বেলা দেড়টায় হবে ম্যাচটি।

ইরেনে কাউন্ট্রি ক্লাব মাঠে টসে হেরে আগে ব্যাটিংয়ে নেমেছিল ইউএসএসএ। ওপেনার লুডউইচ স্কুল্ড এবং তিনে নামা ডেভিড টিগারের ব্যাটে ভর করে এগিয়েছে ইউএসএসএ এর ইনিংস। ফিফটি হাঁকিয়েছেন দু’জনই। ৫৭ বলে ৫১ রান করে সাজঘরে ফিরেন স্কুল্ড। তিনে নামা টীগার ধুমধাড়াক্কা ব্যাটিংয়ে ৫৭ বলে ৭২ রানের ইনিংস খেলেছেন। তার আউটের পরই যেন দিশা হারায় ইউএসএসএ। ১২৬/১ থেকে মাত্র ১৬৬ রানেই গুঁটিয়ে গেছে ইউএসএসএ। মাত্র ৪০ রানের মধ্যে হারিয়েছে শেষ ৯ উইকেট। বাংলাদেশের হয়ে ৪ উইকেট নেন রিজওয়ান। ২টি করে উইকেট নিয়েছেন আমিনুল ইসলাম বিপ্লব এবং রোহানাতদৌলা বর্ষণ। ইকবাল ও সামিউন ১টি করে উইকেট পান।

জবাব দিতে নেমে ব্যর্থ হয়েছেন দুই টাইগার ওপেনার মাহফিজুল রবিন (৮) এবং হাবিবুর রহমান সোহান (০)। এরপর দলের হাল ধরেন শাহাদাত হোসেন দিপু ও ইফতিখার হোসেন ইফতি। ২২ বলে ১৭ রান করে ইফতি বিদায় নিলে ইরফান শুক্কুর ও দিপু ক্যামিওতে জয়ের বন্দরে চলে যায় বাংলাদেশ। শুক্কুর ৩৯ বলে ৫৮ ও দিপু ৫৬ বলে ৭৩ রান করে অপরাজিত ছিলেন। ইউএসএসএ এর হয়ে ২ উইকেট নেন ইসোসা আইহেভবা।