বগুড়া অফিস
আসন্ন বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (বিসিসিআই) নির্বাচনে বিএনপি ও জামায়াতে ইসলামী সমর্থিত ব্যবসায়ীরা পৃথক পৃথক প্যানেলে অংশ নিচ্ছেন। এ ক্ষেত্রে বিএনপির ২-৩টি প্যানেল এবং জামায়াতে ইসলামী সমর্থিত একটি প্যানেল সভাপতি, সিনিয়র সভাপতি, সহসভাপতি ও ৯টি পরিচালকসহ মোট ১২টি পদে প্রতিদ্বন্দ্বিতার লক্ষ্যে রোববার মনোনয়নপত্র উত্তোলন করা হয়েছে। আগামী ৫ জুলাই ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এক হাজার ৭৭ জন ভোটার ভোট দেবেন। তবে ভোটগ্রহণের স্থান এখনো নির্ধারণ হয়নি।
বিসিসিআইর দ্বিবার্ষিক নির্বাচন-২০২৬ এর তফসিল মোতাবেক ২৪ মে রোববার বিকেল ৪টা পর্যন্ত ছিল মনোনয়নপত্র সংগ্রহের দিন। এ দিন বিএনপি ও জামায়াত সমর্থক ব্যবসায়ীরা চেম্বার ভবনে নির্বাচন পরিচালনা বোর্ডের নিকট থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, বিএনপির বিভিন্ন নেতার অনুসারী ব্যবসায়ীরা ২-৩টি প্যানেলে বিভক্ত হয়ে নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। তবে তাদের কোন প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। অপর দিকে জামায়াতে ইসলামী সমর্থিত ব্যবসায়ীদের সংগঠন ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেসম্যান ওয়েলফেয়ার ফাউন্ডেশন (আইবিডব্লিউ এফ) মনোনীত সভাপতি পদে সেলিম রেজার নেতৃত্বে ১২ পদের প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেন। অন্যান্য পদের প্রার্থীরা হলেন, সিনিয়র সহসভাপতি পদে বগুড়া পৌরসভার সাবেক কাউন্সিলর এরশাদুল বারী এরশাদ, সহসভাপতি পদে মামুনুর রশিদ মামুনসহ পরিচালক পদে ৯ জন রয়েছেন। নির্বাচন পরিচালনার দায়িত্বে রয়েছেন, চেয়ারম্যান পদে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের উপপরিচালক মো: জিল্লুর রহমান, সদস্য পদে দু’জন হলেন অতিরিক্ত জেলা নির্বাচন অফিসার মোছা: আছিয়া খাতুন ও জেলা সমাজ সেবা অধিদফতরের সহকারী পরিচালক মোহা: আতাউর রহমান। নির্বাচনী তফসিল মোতাবেক মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ১ জুন, বৈধ প্রার্থী তালিকা প্রকাশ ১১ জুন প্রার্থিতা প্রত্যাহার ১৪ জুন, চূড়ান্ত প্রার্থী তালিকা ১৭ জুন, ভোটগ্রহণ ৫ জুলাই। রোববার বিকেল ৫টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহকারীর সংখ্যা জানা যায়নি।



