ধনবাড়ী (টাঙ্গাইল) সংবাদদাতা
টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় ২৫ মার্চের রাতে ‘আনন্দ মেলার’ আড়ালে অশ্লীল নৃত্য, জুয়া ও মাদক সেবনের অভিযোগ ঘিরে তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন মুক্তিযোদ্ধারা। মহান স্বাধীনতা দিবসে উপজেলা প্রশাসন আয়োজিত সংবর্ধনা ও আলোচনা সভায় এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেয়ার দাবি জানান তারা।
অভিযোগ রয়েছে, উপজেলার বানিয়াজান ইউনিয়নের পঞ্চাশী (বটতলা) বাজার সংলগ্ন একটি নির্জন স্থানে স্থানীয় প্রভাবশালীদের উদ্যোগে ১০ দিনব্যাপী ‘আনন্দ মেলা’ অনুষ্ঠিত হচ্ছে। মেলায় সন্ধ্যার পর থেকে একাধিক স্থানে প্রকাশ্যে জুয়ার আসর বসছে এবং অশালীন নৃত্য পরিবেশন করা হচ্ছে। স্থানীয়দের দাবি, এসব কর্মকাণ্ড প্রশাসনের অনুমতি ছাড়াই পরিচালিত হচ্ছে।
এলাকাবাসী অভিযোগ করেন, মেলার কারণে এলাকায় রাতভর শব্দদূষণ, অশালীন পরিবেশ ও মাদক সেবনের ঘটনা বেড়েছে। এতে কিশোর-যুবকদের মধ্যে নেতিবাচক প্রভাব পড়ছে। একই সাথে রাতে চুরি-ছিনতাইয়ের ঘটনাও বাড়ছে বলে অভিযোগ করেন তারা।
উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মুক্তিযোদ্ধা শাজাহান আলীসহ অন্যরা বলেন, ২৫ মার্চ জাতির ইতিহাসে একটি শোকাবহ রাত। সেই রাতে এমন অনৈতিক কর্মকাণ্ড আয়োজন জাতির জন্য লজ্জাজনক। তারা অবিলম্বে এসব বন্ধের দাবি জানান। ধনবাড়ী উপজেলা বিএনপির সভাপতি অধ্যক্ষ এম আজিজুর রহমান বলেন, এ ধরনের কর্মকাণ্ড কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। সংশ্লিষ্টদের দ্রুত আইনের আওতায় এনে মেলা বন্ধ করার জন্য প্রশাসনের প্রতি আহ্বান জানান তিনি।
তবে মেলার আয়োজকদের দাবি, তারা অনুমতি নিয়েই মেলা পরিচালনা করছেন। এ বিষয়ে ধনবাড়ী থানার ওসি নুরুস সালাম সিদ্দিক বলেন, মেলার জন্য কোনো লিখিত অনুমতি নেয়া হয়নি। বিষয়টি তদন্ত করে দ্রুত ব্যবস্থা নেয়া হচ্ছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরজাহান আক্তার সাথী জানান, উপজেলায় কোনো মেলার অনুমতি দেয়া হয়নি। অভিযোগের সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।



