চট্টগ্রাম চিড়িয়াখানাকে আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলার পরিকল্পনার কথা জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু। তিনি বলেন, চিড়িয়াখানাকে শুধু বিনোদনকেন্দ্র নয়, প্রাণী সংরক্ষণ, গবেষণা, শিক্ষা এবং জীববৈচিত্র্য বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির কেন্দ্র হিসেবে উন্নয়ন করা হবে।
চট্টগ্রাম চিড়িয়াখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে প্রতিমন্ত্রী এ কথা বলেন। তিনি বলেন, আধুনিক চিড়িয়াখানার মূল লক্ষ্য প্রাণী প্রদর্শনের পাশাপাশি সংরক্ষণ, গবেষণা, পরিবেশ শিক্ষা এবং স্বাস্থ্যকর বিনোদনের সমন্বয় ঘটানো। এ উদ্দেশ্যে চট্টগ্রাম চিড়িয়াখানায় আধুনিক অবকাঠামো, উন্নত ব্যবস্থাপনা, দর্শনার্থীবান্ধব পরিবেশ এবং শিক্ষামূলক কার্যক্রম চালু করা হবে।
প্রতিমন্ত্রী আরো বলেন, দেশের অন্যান্য চিড়িয়াখানাও পর্যায়ক্রমে আধুনিকায়নের উদ্যোগ নেয়া হচ্ছে। শিশু-কিশোর ও তরুণ প্রজন্ম যাতে দেশের প্রাণিসম্পদ, জীববৈচিত্র্য ও পরিবেশ সম্পর্কে বাস্তব জ্ঞান অর্জন করতে পারে, সে লক্ষ্যেই এ পরিকল্পনা বাস্তবায়ন করা হবে। পরিদর্শনকালে চট্টগ্রাম-৭ আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী, প্রাণিসম্পদ অধিদফতরের মহাপরিচালক শাহজামান খান প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।



