নিজস্ব প্রতিবেদক
জুলাই গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা ও জনগণের প্রত্যাশার আলোকে জুলাই সনদ বাস্তবায়নে দেশের সব রাজনৈতিক দলই একমত বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সভাপতি মাওলানা উবায়দুল্লাহ ফারুক। তবে জুলাই সনদ প্রণয়ন প্রক্রিয়ায় বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে দেয়া ‘নোট অব ডিসেন্ট’ যথাযথভাবে মূল্যায়ন করা হয়নি বলে অভিযোগ করেছেন তিনি।
গতকাল শনিবার জাতীয় প্রেস ক্লাবের জহুর হোসেন চৌধুরী মিলনায়তনে জমিয়তে উলামায়ে ইসলাম ঢাকা মহানগর দক্ষিণের সদস্য সম্মেলন ও কাউন্সিল অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
উবায়দুল্লাহ ফারুক বলেন, জুলাই সনদ নিয়ে এ ধরনের ধাক্কাধাক্কি এবং বিভিন্ন হলে ছাত্রদের মারামারি ফ্যাসিবাদ ফিরে আসার পথ সুগম করছে। এ মুহূর্তে বিভেদ ও বিরোধে না জড়িয়ে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। তিনি বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের আকাক্সক্ষা বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্য ও পারস্পরিক শ্রদ্ধা প্রয়োজন। জনগণের প্রত্যাশা পূরণে বিভাজন সৃষ্টি না করে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
কাউন্সিল অধিবেশনে প্রধান আলোচকের বক্তব্যে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী বলেন, বিদ্যুৎ ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্য নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নিতে হবে। জনগণের ওপর নতুন করে অর্থনৈতিক চাপ সৃষ্টি করে কোনো সংস্কারই টেকসই হবে না। বাজার সিন্ডিকেট, মজুদদারি ও অস্বাভাবিক মূল্যবৃদ্ধির বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করতে হবে।
ঢাকা মহানগর দক্ষিণের ভারপ্রাপ্ত সভাপতি মুফতি মাহবুবুল আলমের সভাপতিত্বে এবং মুফতি বশীরুল হাসান খাদিমানী ও মুফতি নুরুল আলম ইসহাকীর সঞ্চালনায় কাউন্সিল অধিবেশন অনুষ্ঠিত হয়। বিশেষ আলোচক হিসেবে বক্তব্য দেন লেখক ও গবেষক মাওলানা যাইনুল আবেদীন।
এ সময় আরো বক্তব্য দেন জমিয়তের কেন্দ্রীয় সিনিয়র সহসভাপতি মাওলানা আবদুর রব ইউসুফী, সিনিয়র যুগ্ম মহাসচিব মাওলানা বাহা উদদীন যাকারিয়া, যুগ্ম মহাসচিব মাওলানা মতিউর রহমান গাজীপুরী, মাওলানা আব্দুল হক কাওসারী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সহকারী মহাসচিব ও ঢাকা মহানগর উত্তরের সভাপতি মুফতি মকবুল হোসাইন কাসেমী, মাওলানা জিয়াউল হক কাসেমী, মাওলানা জয়নুল আবেদীন, প্রচার সম্পাদক মুফতি ইমরানুল বারী সিরাজী, মাওলানা আবুল বাশার, দফতর সম্পাদক মাওলানা হেদায়েতুল ইসলাম, শিক্ষা ও সংস্কৃতি সম্পাদক মুফতি জাবের কাসেমী, মুফতি রেদওয়ানুল বারী সিরাজী এবং যুব জমিয়তের সাধারণ সম্পাদক মাওলানা ইসহাক কামালসহ অনেকে।



