গাজায় ক্ষুধার্ত পরিবারে সহায়তায় এলিয়ান্নার উদ্যোগ

Printed Edition

বিনোদন প্রতিবেদক

ফিলিস্তিনি বংশোদ্ভূত চিলির তরুণ গায়িকা এলিয়ান্না গাজায় যুদ্ধবিধ্বস্ত ও ক্ষুধার্ত পরিবারগুলোর পাশে দাঁড়িয়েছেন। তিনি সম্প্রতি জাতিসঙ্ঘের বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) সাথে যৌথ উদ্যোগে কাজ শুরু করেছেন, যাতে গাজার অসহায় মানুষের জন্য তহবিল সংগ্রহ ও সচেতনতা বৃদ্ধি করা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমে এক আবেগঘন বার্তায় এলিয়ান্না বলেন, ‘বিশ্ব খাদ্য কর্মসূচির অসাধারণ দলের সাথে কাজ করতে পেরে আমি কৃতজ্ঞ। গাজার পরিবারগুলোকে সাহায্য করতে তোমাদের প্রতিটি অনুদান ছোট বা বড়-একটি জীবন বদলে দিতে পারে এবং আরো অনেককে অনুপ্রাণিত করতে পারে।’ শিল্পী হিসেবে জনপ্রিয়তার পাশাপাশি এলিয়ান্না সবসময় মানবিক কর্মকাণ্ডে নিজেকে যুক্ত রেখেছেন। গাজায় চলমান মানবিক বিপর্যয় সম্পর্কে তিনি প্রকাশ্যে কথা বলেছেন এবং আগেও হিল প্যালেস্টাইন নামের একটি মানবিক সংস্থার পাশে দাঁড়িয়েছেন। সংস্থাটি যুদ্ধ ও বাস্তুচ্যুতির শিকার ফিলিস্তিনি শিশু ও পরিবারদের জরুরি সহায়তা, চিকিৎসা ও শিক্ষা সহায়তা দিয়ে থাকে। গত আগস্টে এলিয়ান্না সামাজিক যোগাযোগমাধ্যমে একটি হৃদয়স্পর্শী মুহূর্ত শেয়ার করেন, যেখানে তিনি হিল প্যালেস্টাইনের উদ্যোগে দুই ফিলিস্তিনি শিশুর সাথে বিখ্যাত ব্যান্ড কোল্ডপ্লের এক কনসার্টে দেখা করেন।