ক্রীড়া ডেস্ক
উয়েফা সুপার কাপের ট্রফি জয়ে নতুন মৌসুম শুরু করেছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)। তবে ফ্রান্স লিগ ওয়ান শুরুর আগে দ্বিতীয় শিরোপা জেতা হলো না ফরাসি চ্যাম্পিয়নদের। ফরাসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে গত পরশু ফ্লোরিয়ান থাউভিনের একমাত্র গোলে লেন্সের কাছে হেরে ট্রফি ধরে রাখা হলো না পিএসজির। প্রথমার্ধে ওই গোলের পর ১০ জনের দলে পরিণত হয় লেন্স। কিন্তু সেই সুবিধাও কাজে লাগাতে পারল না লুইস এনরিকের দল। ফলে পাঁচ দিনের মধ্যে দ্বিতীয় শিরোপা জয় থেকে বঞ্চিত হতে হয়েছে উসমান দেম্বেলে-খভিচা কভারাসখেলিয়ারা।
লেন্সের স্তাদে বোলার-দেলেলিসে নিজেদের স্বাভাবিক ছন্দ খুঁজে পেতে সংগ্রাম করতে হয়েছে পিএসজিকে। পুরো ম্যাচে ৬৮ শতাংশ বল পজিশনে রেখে গোলের জন্য নেয়া ২১ শটের ছয়টি লক্ষ্যে রাখলেও জালের দেখা পায়নি গত মৌসুমের চ্যাম্পিয়নরা। বল পজিশনে পিছিয়ে থাকলেও ম্যাচের ৩২ মিনিটে ফ্লোরিয়ানের গোলে এগিয়ে যায় স্বাগতিক দল। ম্যাচের ৩৯ মিনিটে কিলিয়ান আন্তোনিও লাল কার্ড দেখে মাঠ ছাড়লে ১০ জনের দলে পরিণত হয় লেন্স। তার পরও সেই সুবিধা নিতে পারেনি পিএসজি। গোল হজমের পর একের পর এক আক্রমণ করলেও গোলের দেখা পাচ্ছিল না লিগ চ্যাম্পিয়নরা। এর মধ্যে ম্যাচ শেষ হওয়ার তিন মিনিট আগে পিএসজিও ১০ জনের দলে পরিণত হয়। লেন্সের উইং-ব্যাক মিখাল স্কোরাসের মুখে কনুই দিয়ে আঘাত করায় সরাসরি লাল কার্ড দেখে মাঠ ছাড়েন নুনো মেন্ডেস।
নতুন কোচ দিনো টপমেলার অধীনে নিজেদের প্রথম ম্যাচেই জয় পেয়েছে লেন্স। গত মে মাসে সাবেক কোচ পিয়ের সেজের অধীনে জেতা ফরাসি কাপের পর এটি তাদের আরেকটি সাফল্য।



