গভীর সমুদ্রে ফিশিং বোটসহ ৪ জেলেকে জীবিত উদ্ধার কোস্টগার্ডের

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে দুই দিন ধরে ভাসতে থাকা ফিশিং বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করেছে কোস্টগার্ড। গতকাল শুক্রবার বিকেলে কোস্টগার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, প্রতিষ্ঠালগ্ন থেকেই বাংলাদেশ কোস্টগার্ড দেশের সুবিশাল সমুদ্র উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের নিরাপত্তায় গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। এসব এলাকায় আইনশৃঙ্খলা নিশ্চিতকরণ, জনগণের জান-মাল রক্ষা, চোরাচালান, মাদক ও মানব পাচার দমনের পাশাপাশি নানাবিধ প্রাকৃতিক দুর্যোগে ত্রাণ ও সহায়তা প্রদান এবং সমুদ্রে মৎস্য আহরণে নিয়োজিত জেলেদের সার্বিক নিরাপত্তা নিশ্চিতের মধ্য দিয়ে বাংলাদেশ কোস্টগার্ড মানুষের মাঝে নিরাপত্তা ও আস্থার প্রতীকে পরিণত হয়েছে।

কক্সবাজার থেকে ‘এফবি সৌরভ’ নামক একটি ফিশিং বোট চার জেলেসহ সন্দ্বীপের উদ্দেশ্যে যাত্রা করে গত বৃহস্পতিবার বেলা ২টায় কুতুবদিয়ার পশ্চিমে গভীর সমুদ্রে ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকে। পরে গতকাল শুক্রবার সকাল ৯টায় জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করে সহায়তা চাইলে বিষয়টি কোস্টগার্ড অবগত হয়।

প্রাপ্ত তথ্যের ভিত্তিতে, তাৎক্ষণিকভাবে সমুদ্রে টহলে নিয়োজিত বাংলাদেশ কোস্টগার্ড জাহাজ কর্তৃক ওই এলাকায় একটি উদ্ধার অভিযান পরিচালনা করে বিকল হওয়া বোটসহ চার জেলেকে জীবিত উদ্ধার করা হয় এবং জেলেদের প্রাথমিক চিকিৎসা ও প্রয়োজনীয় সহায়তা দেয়া হয়।