চট্টগ্রাম ব্যুরো
চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচনে মনোনয়নপত্র সংগ্রহে আওয়ামী লীগ সমর্থক আইনজীবীদের বাধা দেয়ার অভিযোগ উঠেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে চট্টগ্রাম আদালত ভবনের আইনজীবী সমিতি ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে। তবে বিএনপি-সমর্থক আইনজীবীদের দাবি- সারা দেশে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ থাকায় দল-সমর্থিত আইনজীবীদের নির্বাচনে অংশ নেয়ার সুযোগ নেই। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন রয়েছে এবং দুই পক্ষে উত্তেজনা বিরাজ করছিল।
আদালত সূত্র জানিয়েছে, আগামী ২১ মে চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। গতকাল বেলা ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নির্বাচন কমিশনের অস্থায়ী কার্যালয় বার লাইব্রেরি থেকে মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়ার সময়সীমা নির্ধারিত ছিল।
সূত্র জানায়, বেলা ৩টার দিকে আওয়ামী লীগ সমর্থিত প্যানেল থেকে সভাপতি প্রার্থী অ্যাডভোকেট আবদুর রশিদের নেতৃত্বে একদল আইনজীবী ফরম নিতে যায়। ওই সময় বার লাইব্রেরির মুখে বিএনপি সমর্থিত একদল আইনজীবী তাদের বাধা দিলে হট্টগোল শুরু হয়।



