ক্রীড়া ডেস্ক
বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে ইংল্যান্ড ও মেক্সিকোর বহুল প্রতীক্ষিত ম্যাচকে ঘিরে টিকিটের চাহিদা তুঙ্গে। এই সুযোগে ফিফার অনুমোদিত অফিসিয়াল রিসেল প্ল্যাটফর্মে ইংল্যান্ড সমর্থকদের জন্য বরাদ্দ কিছু টিকিট কয়েক গুণ বেশি দামে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। কোনো কোনো টিকিটের দাম মূল মূল্যের ৫৭ গুণ পর্যন্ত পৌঁছেছে।
ইংল্যান্ড ফুটবল অ্যাসোসিয়েশন (এফএ) জানিয়েছে, এসব টিকিট মূলত ইংল্যান্ড সাপোর্টার্স ট্রাভেল ক্লাবের ব্যালটের মাধ্যমে গত ডিসেম্বরেই সমর্থকদের কাছে বরাদ্দ দেয়া হয়েছিল। তবে ইংল্যান্ডের শেষ ষোলো নিশ্চিত হওয়ার পরই টিকিটগুলো পুনঃবিক্রির সুযোগ তৈরি হয়।
সবচেয়ে আলোচিত তালিকায় রয়েছে চারটি সাপোর্টার স্ট্যান্ডার্ড টিকিট। প্রতিটি টিকিটের মূল মূল্য ছিল ৬০৫ মার্কিন ডলার (প্রায় ৪৬০ পাউন্ড)। অথচ সেগুলো ৩০ হাজার ডলার (প্রায় ২২ হাজার ৮০০ পাউন্ড) করে বিক্রির জন্য তালিকাভুক্ত করা হয়েছে। ক্রেতাকে ফিফার ১৫ শতাংশ সার্ভিস ফি দিতে হওয়ায় প্রতিটি টিকিটের মোট মূল্য দাঁড়াচ্ছে ৩৪ হাজার ৫০০ ডলার বা প্রায় ২৬ হাজার ২২০ পাউন্ড। বিক্রেতাকেও ১৫ শতাংশ ফি পরিশোধ করতে হলেও প্রতি টিকিটে প্রায় ১৯ হাজার ৩৮০ পাউন্ড পর্যন্ত লাভের সম্ভাবনা রয়েছে।
সবচেয়ে কম দামের পুনঃবিক্রীত টিকিটটির মূল মূল্য ছিল ২৯৫ ডলার (প্রায় ২২৪ পাউন্ড)। সেটির মোট মূল্য এখন তিন হাজার ৪৪৮ ডলার বা প্রায় দুই হাজার ৬২০ পাউন্ড, যা মূল্য দামের প্রায় ১২ গুণ।
শুক্রবার সকাল পর্যন্ত ইংল্যান্ড সমর্থকদের নির্ধারিত গ্যালারিতে মোট ৭৬টি টিকিট পুনঃবিক্রির তালিকায় ছিল। এর মধ্যে সাপোর্টার প্রিমিয়ার বিভাগের ১৭টি, সাপোর্টার স্ট্যান্ডার্ড বিভাগের ২৭টি এবং সাপোর্টার ভ্যালু বিভাগের ৩২টি টিকিট রয়েছে। বেশির ভাগ টিকিটের দাম ৪ হাজার থেকে ৯ হাজার ডলারের মধ্যে হলেও কিছু টিকিটের মূল্য ১০ হাজার ডলারেরও বেশি।



