ক্রীড়া ডেস্ক
ক্রোয়েশিয়া জাতীয় ফুটবল দলের নতুন প্রধান কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন অভিজ্ঞ কোচ স্লাভেন বিলিচ। ২০২৬ বিশ্বকাপের শেষ বত্রিশের ম্যাচে পর্তুগালের কাছে হেরে দল বাদ পড়ার পর জ¬াতকো দালিচ ৯ বছর প্রধান কোচ হিসেবে কাজ করা পর দায়িত্ব ছাড়েন। তার স্থলাভিষিক্ত হন ৫৭ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান।
ক্রোয়েশিয়া জাতীয় দলে এর আগে ২০০৬ থেকে ২০১২ সাল পর্যন্ত দীর্ঘ ৬ বছর প্রধান কোচের দায়িত্ব পালন করেছেন। তার অধীনে ৬৫ ম্যাচে দল জিতেছিল ৪২টিতে। তার দায়িত্ব ১৬ ম্যাচে হেরেছিল ক্রোয়েটরা। ২০২৪ সালে সৌদি প্রো লিগের দল আল-ফাতেহ ছাড়ার পর তিনি ফুটবলের বাইরে ছিলেন। ক্রোয়েশিয়া জাতীয় দলে ফিরে উচ্ছ্বসিত ৫৭ বছর বয়সী এই কোচ। দায়িত্ব নিয়ে বিলিচ জানিয়েছেন, ক্রোয়েশিয়াকে ফুটবলের অভিজাতদের কাতারে ধরে রাখাই তার প্রধান লক্ষ্য। কোচিং ক্যারিয়ারে তিনি ওয়েস্ট হ্যাম, ওয়েস্ট ব্রমউইচ ও ওয়াটফোর্ডের মতো ইংলিশ ক্লাব এবং তুরস্কের বেসিকতাস সফলভাবে পরিচালনা করেছেন। খেলোয়াড়ি জীবনে ১৯৯৮ বিশ্বকাপে তৃতীয় হওয়া ক্রোয়েশিয়া দলের অন্যতম নির্ভরযোগ্য ডিফেন্ডার ছিলেন বিলিচ।
আগামী ২৭ সেপ্টেম্বর ন্যাশন্স লিগে চেকিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে ক্রোয়েশিয়ার ফুটবলে নতুন পথচলা শুরু হবে বিলিচের।



