থাইল্যান্ড রাষ্ট্রদূতের চট্টগ্রাম বন্দর পরিদর্শন

Printed Edition

বাংলাদেশে নিযুক্ত থাইল্যান্ডের রাষ্ট্রদূত থিটিপর্ন চিরাসাওয়াদির নেতৃত্বে তিন সদস্যবিশিষ্ট প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দর পরিদর্শন করেছেন। প্রতিনিধিদল চট্টগ্রাম বন্দরে আগমনের পর বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল এস এম মনিরুজ্জামান, ওএসপি, এনডিসি, এনসিসি, পিএসসির সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। থাই রাষ্ট্রদূত রেনং পোর্ট-চট্টগ্রাম পোর্ট জাহাজ চলাচলসংক্রান্ত ইতোমধ্যে সম্পাদিত সমঝোতা চুক্তি (এমওইউ) বাস্তবায়নের বিষয়ে আলোকপাত করেন। তিনি বাংলাদেশ-থাইল্যান্ডের মধ্যে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট (এফটিএ) স্বাক্ষরের বিষয়ে সরকারি উচ্চ পর্যায়ে আলোচনা শুরু করার আহ্বান জানান।

প্রতিনিধিদল জানায়, আগামী এপ্রিলে রেনং পোর্ট থেকে চট্টগ্রাম পোর্টে প্রথম শিপমেন্ট চালু হবে বলে আশা প্রকাশ করেছেন। সভায় দুই দেশের মধ্যে সম্ভাব্য পণ্য আমদানি ও রফতানি বিষয়ে বাজার যাচাই করার বিষয়ে আলোচনা হয়। উভয় দেশের বাণিজ্য প্রতিনিধি দল ট্রেড সম্প্রসারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করা হয়।

চট্টগ্রাম বন্দরের ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কেও অতিথিদের জন্য একটি প্রেজেন্টেশন প্রদর্শন করা হয়। সৌজন্য সাক্ষাৎ শেষে প্রতিনিধিদল বন্দরের অপারেশনাল কার্যক্রম সরেজমিন পরিদর্শন করেন এবং বন্দরের সার্বিক অগ্রগতি, আধুনিক ব্যবস্থাপনা ও কর্মদক্ষতার প্রশংসা করেন। বিজ্ঞপ্তি।