সংসদ প্রতিবেদক
সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) বাংলাদেশী নাগরিক হত্যা মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন উল্লেখ করে এ বিষয়ে জোরালো প্রতিবাদ অব্যাহত রাখার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, প্রাণঘাতী অস্ত্রের পরিবর্তে ‘নন-লিথাল’ বা অমরণঘাতী অস্ত্র ব্যবহারের বিষয়ে একাধিকবার প্রতিশ্রুতি দিয়েছে বিএসএফ।
গতকাল বুধবার ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের (বাজেট) নবম দিনে কয়েকজন সংসদ সদস্যের তারকাচিহ্নিত ও লিখিত প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী এসব তথ্য তুলে ধরেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম অধিবেশনে সভাপতিত্ব করেন। নতুন কারাগার নির্মাণ ও সম্প্রসারণের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, দেশের ৭৫টি কারাগারে ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ বন্দী রয়েছে। এ ছাড়া প্রবাসী বাংলাদেশীদের জন্য পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব বর্তমানে সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে।
কারাগারে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি বন্দী : কুমিল্লা-৪ আসনের এনসিপি দলীয় সদস্য মো: আবুল হাসনাতের (হাসনাত আব্দুল্লাহ) প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী জানান, গত ৭ জুন পর্যন্ত দেশের ৭৫টি কারাগারের অনুমোদিত ধারণক্ষমতা ছিল ৪৫ হাজার ১৩৬ জন। এর মধ্যে পুরুষ বন্দীর জন্য ৪৩ হাজার ১০৭ এবং নারী বন্দীর জন্য দুই হাজার ২৯টি আসন রয়েছে। কিন্তু বর্তমানে এসব কারাগারে মোট ৭৭ হাজার ৪০ জন বন্দী আটক রয়েছেন। এর মধ্যে পুরুষ ৭৪ হাজার ৩৬ জন এবং নারী দুই হাজার ৭৭ জন। অর্থাৎ ধারণক্ষমতার প্রায় ১ দশমিক ৭ গুণ বেশি বন্দী বর্তমানে কারাগারগুলোতে অবস্থান করছেন।
তিনি বলেন, অতিরিক্ত বন্দীর কারণে কিছু কারাগারে আবাসন সঙ্কট সৃষ্টি হয়েছে। এ সমস্যা নিরসনে বিশেষ কেন্দ্রীয় কারাগার, কেরানীগঞ্জ, সিলেট কেন্দ্রীয় কারাগার-২, ফেনী জেলা কারাগার-২ এবং খুলনা জেলা কারাগার-২ ইতোমধ্যে চালু করা হয়েছে। এ ছাড়া কিশোরগঞ্জ জেলা কারাগার-২, মাদারীপুর জেলা কারাগার-২ এবং পিরোজপুর জেলা কারাগার-২ শিগগিরই চালু করা হবে।
মন্ত্রী আরো জানান, ময়মনসিংহ, কুমিল্লা ও জামালপুর কারাগারের পুনর্নির্মাণ এবং নরসিংদীতে নতুন কারাগার নির্মাণকাজ চলমান রয়েছে। এসব প্রকল্প শেষ হলে বন্দী ধারণক্ষমতা আরো দুই হাজার ৯৫৫ জন বেড়ে মোট ৪৮ হাজার ১৩১ জনে উন্নীত হবে।
এ ছাড়া রাজশাহী, রংপুর, নোয়াখালী, রাঙ্গামাটি ও খাগড়াছড়ি কারাগার পুনর্নির্মাণ প্রকল্পও গ্রহণ করা হয়েছে, যা বাস্তবায়িত হলে ধারণক্ষমতা আরো বাড়বে।
প্রবাসীদের পাসপোর্ট ফি কমানোর প্রস্তাব বিবেচনায় : সরকারদলীয় সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রবাসী বাংলাদেশীদের জন্য পাসপোর্ট ফি কমানোর বিষয়ে পাসপোর্ট অধিদফতর থেকে প্রাপ্ত একটি প্রস্তাব বর্তমানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পর্যালোচনাধীন রয়েছে। গত ৪ জুন পর্যন্ত দেশে সক্রিয় পাসপোর্টধারীর সংখ্যা ছিল দুই কোটি ৫৪ লাখ ৩৩ হাজার ৬৩ জন।



