খোকসায় স্বর্ণের ৩ দোকানে ডাকাতি

Printed Edition

কুষ্টিয়া প্রতিনিধি

কুষ্টিয়ার খোকসা উপজেলার একতারপুর বাজারে নৈশপ্রহরীদের জিম্মি করে তিনটি স্বর্ণের দোকানসহ মোট পাঁচটি দোকানে দুঃসাহসিক ডাকাতির অভিযোগ উঠেছে। গত সোমবার রাত ১টা থেকে সাড়ে ৩টা পর্যন্ত প্রায় আড়াই ঘণ্টা ধরে এই লুটপাট চালানো হয়।

ব্যবসায়ী ও স্থানীয় সূত্রের খবর, ২০ থেকে ২৫ জনের একটি সশস্ত্র দল কয়েক ভাগে বিভক্ত হয়ে বাজারে প্রবেশ করে। তারা অস্ত্রের মুখে চারজন নৈশপ্রহরীকে জিম্মি করে হাত-পা বেঁধে একটি চায়ের দোকানে আটকে রাখে। এরপর একে একে বিভিন্ন দোকানের তালা ভেঙে মালামাল ও নগদ টাকা লুট করে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী প্রানোতোষ বিশ্বাস জানান, তার ‘পূর্ণ জুয়েলার্স’-এর দুটি শোরুম ও কারখানা থেকে কয়েক ভরি পুরনো স্বর্ণ, প্রায় ২০ ভরি রুপা ও নগদ ২৫ হাজার টাকা লুট করা হয়েছে। প্রমাণ লোপাটের উদ্দেশ্যে ভেঙে ফেলা হয় সিসি ক্যামেরাগুলোও।

এছাড়া মানিক জুয়েলার্স, ঈশানী বিউটি কসমেটিকস, আব্দুল হান্নানের ভ্যান মেরামতের দোকান এবং ওবায়দুলের চা দোকান থেকে নগদ টাকা ও মোবাইল ফোন লুটে নেয় দুর্বৃত্তরা। প্রস্থানকালে দুই নৈশপ্রহরীকে হাত বাঁধা অবস্থায় আধা কিলোমিটার দূরের শৈলডাঙ্গী মহাশ্মশান পর্যন্ত নিয়ে যায় তারা। বাজার পাহারা ব্যবস্থাপনা কমিটির অর্থ সম্পাদক ওহিদুল ইসলাম জানান, দীর্ঘ আড়াই ঘণ্টা ধরে তাণ্ডব চালালেও পুলিশ পরে আসে এবং এখনো মামলা হয়নি।

তবে ঘটনাটি ডাকাতি নয় দাবি করে খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোল্লা জাকির হোসেন বলেন, বাজারে তিনটি দোকানে চুরির ঘটনা ঘটেছে এবং এটি শতভাগ চুরি।