সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি জমির উদ্দিন সরকারের ইন্তেকাল

Printed Edition

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ৫২’র ভাষা আন্দোলনের সৈনিক, সাবেক মন্ত্রী ও সুপ্রিম কোর্ট বারের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সুপ্রিম কোর্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, গতকাল রোববার ভোর ৪টা ১৯ মিনিটের দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে তিনি ইন্তেকাল করেন।

তার বয়স হয়েছিল ৯৪ বছর। তিনি ১৯৩১ সালের ১ ডিসেম্বর পঞ্চগড় জেলার তেঁতুলিয়া উপজেলার নয়াবাড়ি গ্রামে জন্মগ্রহণ করেন।

জমির উদ্দিন সরকারের সহধর্মিণী নূর আখতার ২০২৩ সালে মৃত্যুবরণ করেন। তিনি এক কন্যা ও দুই পুত্রসন্তান রেখে গেছেন। তার ছেলে ব্যারিস্টার মুহাম্মদ নওশাদ জমির ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে পঞ্চগড়-১ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।

জমির উদ্দিন সরকার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এমএ ও এলএলবি ডিগ্রি অর্জন করেন। পরে ১৯৬১ সালে উচ্চশিক্ষার জন্য যুক্তরাজ্যে যান। সেখানে লন্ডনের লিংকনস ইন থেকে ‘ব্যারিস্টার-অ্যাট-ল’ ডিগ্রি লাভ করেন।

দেশে ফিরে তিনি আইন পেশায় যুক্ত হন। বাংলাদেশ সুপ্রিম কোর্টে সংবিধান, দেওয়ানি ও ফৌজদারি আইনের একজন খ্যাতিমান বিশেষজ্ঞ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেন।

ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ২০০১ সালের ২৮ অক্টোবর থেকে ২০০৯ সালের ২৫ জানুয়ারি পর্যন্ত অষ্টম জাতীয় সংসদের স্পিকারের দায়িত্ব পালন করেন।

তিনি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) অন্যতম প্রতিষ্ঠাতা সদস্য। প্রতিষ্ঠালগ্ন থেকেই তিনি দলটির স্থায়ী কমিটির সদস্য ছিলেন। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মন্ত্রিসভায় তিনি বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।

বিভিন্ন সময়ে তিনি গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, শিক্ষামন্ত্রী এবং আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন।

সংসদ ভবনে নামাজে জানাজা অনুষ্ঠিত

জাতীয় সংসদের দক্ষিণ প্লাজার নিচের টানেলে সাবেক রাষ্ট্রপতি ও স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে। গতকাল বাদ আসর প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান এতে শরিক হন। এ ছাড়াও সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ, বিরোধীদলীয় নেতা, জাতীয় সংসদের সচিব, মন্ত্রী, এমপিসহ বিএনপির সব পর্যায়ের নেতারা উপস্থিত ছিলেন। এর আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতির শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন।

গতকাল এক শোকবার্তায় রাষ্ট্রপতি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

এই বরেণ্য রাজনীতিবিদের প্রয়াণ দেশের রাজনীতির জন্য এক অপূরণীয় ক্ষতি উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, দেশে গণতান্ত্রিক রাজনৈতিক ধারার বিকাশে তার অবদান জাতি চিরদিন শ্রদ্ধার সাথে স্মরণ করবে।

প্রধানমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, ভাষাসৈনিক ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

গতকাল এক শোকবার্তায় প্রধানমন্ত্রী মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় প্রধানমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন বাংলাদেশের রাজনীতির এক প্রজ্ঞাবান, অভিজ্ঞ, সৎ ও নিবেদিতপ্রাণ ব্যক্তিত্ব। সুদীর্ঘ ও বর্ণাঢ্য রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও দায়িত্ববোধের সাথে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া বিভিন্ন সময়ে তিনি শিক্ষামন্ত্রী, ভূমি প্রতিমন্ত্রী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এবং গণপূর্ত ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীসহ রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব অত্যন্ত দক্ষতার সাথে পালন করেছেন।’

প্রধানমন্ত্রী আল্লাহ তায়ালার দরবারে মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন। তিনি মরহুমের শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী, শুভানুধ্যায়ী ও অসংখ্য গুণগ্রাহীর প্রতি গভীর সমবেদনা জানান।

বিরোধীদলীয় নেতার শোক

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা এবং জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান। গতকাল এক শোকবার্তায় তিনি মরহুমের বর্ণাঢ্য কর্মময় জীবনের কথা স্মরণ করে বলেন, ‘বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন দেশবরেণ্য ও খ্যাতিমান সিনিয়র আইনজীবী। একই সাথে একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ।

ডা. শফিকুর রহমান মরহুমের রূহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানান।

স্পিকারের শোক

জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় স্পিকার মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি দুঃখ প্রকাশ ও গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

তথ্যমন্ত্রীর শোক

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন।

এক শোকবার্তায় তথ্যমন্ত্রী বলেন, ‘ব্যারিস্টার জমির উদ্দিন সরকার দেশের সংসদীয় গণতন্ত্রের বিকাশে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার সুদীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি সততা, প্রজ্ঞা ও নিষ্ঠার সাথে বিভিন্ন জাতীয় ও রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন।’

তিনি ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের রূহের মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

অর্ধবেলা বন্ধ সুপ্রিম কোর্ট

সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে তার প্রতি সম্মান জানিয়ে গতকাল সুপ্রিম কোর্টের কার্যক্রম অর্ধবেলা বন্ধ থাকে।

সুপ্রিম কোর্টের গণসংযোগ কর্মকর্তা মো: শফিকুল ইসলাম স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে আজ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের কোর্টসমূহের কার্যক্রম অর্ধবেলা (দিনের দ্বিতীয় ভাগ) বন্ধ, একই সাথে আপিল বিভাগের চেম্বার আদালতের কার্যক্রমও বন্ধ থাকে।

এ দিকে সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের সাবেক স্পিকার সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী গভীর শোক প্রকাশ করেছেন।

এক শোকবার্তায় প্রধান বিচারপতি তার নিজের এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতি ও সুপ্রিম কোর্ট রেজিস্ট্রি কর্মকর্তা-কর্মচারীদের পক্ষে গভীর শোক প্রকাশ করেছেন। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন।

মুসলিম লীগের শোক

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে এক বিবৃতি দিয়েছেন বাংলাদেশ মুসলিম লীগের সভাপতি জুবায়েদা কাদের চৌধুরী, দলের স্থায়ী কমিটির সদস্য আনোয়ার হোসেন আবুড়ী, অতিরিক্ত মহাসচিব তারেক ইবনে জমির আলী এবং কেন্দ্রীয় নেতা জহিরউদ্দিন মোহাম্মদ বাবর।

নেতারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করেন।

বাংলাদেশ ন্যাপের শোক

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ও দেশের প্রবীণ রাজনীতিবিদ ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করে মরহুমের রূহের মাগফিরাত কামনা ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি- বাংলাদেশ ন্যাপ চেয়ারম্যান জেবেল রহমান গানি ও মহাসচিব এম গোলাম মোস্তফা ভূঁইয়া।

তারা বলেন, তিনি বাংলাদেশের মানুষের মুক্তি, স্বাধীনতা, গণতন্ত্র ও উন্নতির জন্য রাজনীতি করেছেন এবং গণতন্ত্র, দেশ ও সমাজের অগ্রগতির বিষয়ে চিন্তাশীল ছিলেন।

জাবি জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের শোক

জাবি প্রতিনিধি জানান, সাবেক ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ব্যারিস্টার মুহাম্মদ জমির উদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম। সংগঠনটির সভাপতি অধ্যাপক ড. মো: শামছুল আলম এবং সাধারণ সম্পাদক অধ্যাপক মো: জামাল উদ্দীন স্বাক্ষরিত এক শোক বার্তায় এ শোক প্রকাশ করা হয়। তারা মরহুমের রূহের মাগফিরাত কামনা করেন।

অ্যাটর্নি জেনারেল ও বার কাউন্সিলের চেয়ারম্যানের শোক

সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার মোহাম্মদ জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশের অ্যাটর্নি জেনারেল এবং বাংলাদেশ বার কাউন্সিলের চেয়ারম্যান, সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার মো: রুহুল কুদ্দুস (কাজল)। তিনি মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।

বিএনপির একদিনের শোক ঘোষণা

নিজস্ব প্রতিবেদক জানান, দলের স্থায়ী কমিটির সদস্য জমির উদ্দিন সরকারের মৃত্যুতে আজ সোমবার ঢাকাসহ সারা দেশে শোক দিবস পালনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি।

গতকাল রোববার দুপুরে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী এই কর্মসূচি ঘোষণা করেন।

তিনি বলেন, মরহুম ব্যারিস্টার জমিরউদ্দিন সরকারের মৃত্যুতে বাংলাদেশ জাতীয়তাবাদী দল একদিনের কর্মসূচি ঘোষণা করছে। সোমবার সারা দেশব্যাপী শোক দিবস পালন করা হবে। এই উপলক্ষে ঢাকাসহ সারা দেশের দলীয় কার্যালয়সমূহে কালো পতাকা উত্তোলন করা হবে এবং নেতাকর্মীরা প্রত্যেকে কালো ব্যাজ ধারণ করবেন।

রাষ্ট্রীয় মর্যাদায় সংসদ ভবন প্রাঙ্গণে দাফন

নিজস্ব প্রতিবেদক জানান, রাষ্ট্রীয় মর্যাদায় জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে চিরনিদ্রায় শায়িত হলেন সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি, জাতীয় সংসদের সাবেক স্পিকার, সাবেক মন্ত্রী ও সংসদ সদস্য ব্যারিস্টার জমির উদ্দিন সরকার।

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকারের দ্বিতীয় ও শেষ নামাজে জানাজা গতকাল রোববার বাদ আসর সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হয়। জানাজায় অংশ নেন প্রধানমন্ত্রী তারেক রহমান, বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান, স্পিকার হাফিজউদ্দিন আহমদ, ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল, সরকারদলীয় চিফ হুইপ নূরুল ইসলাম মনিসহ মন্ত্রিসভার সদস্য, সংসদ সদস্য, বিভিন্ন বাহিনীর সিনিয়র কর্মকর্তাসহ দলীয় নেতাকর্মী, সাধারণ মানুষ, পরিবারের সদস্য, দীর্ঘদিনের সহকর্মী ও শুভানুধ্যায়ীরা অংশ নেন। জানাজাপূর্ব তার জীবনী তুলে ধরেন সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। জানাজা শেষে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, স্পিকার ও বিএনপির পক্ষ থেকে তার কফিনে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানানো হয়।

জানাজাপূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে স্পিকার হাফিজউদ্দিন আহমদ বলেন, বাংলাদেশের রাজনীতিতে ব্যারিস্টার জমির উদ্দিন সরকার ছিলেন একজন উজ্জ্বল নক্ষত্র। তার মৃত্যুতে দেশের অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে। সংসদের বিরোধীদলীয় নেতা ডা: শফিকুর রহমান বলেন, আমরা একজন প্রিয় মানুষকে বিদায় জানাতে সবাই সমবেত হয়েছি, যার বিরুদ্ধে কেউ কোনো দিন কোনো অভিযোগ করেছেন বলে জানা নেই। পেশাগত জীবনে তিনি অত্যন্ত দক্ষতার স্বাক্ষর রেখেছেন।

বিএনপি মহাসচিব ও এলজিআরডিমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ব্যারিস্টার জমির একজন দক্ষ পার্লামেন্টারিয়ান ছিলেন। একইসাথে তিনি দক্ষতা ও সুনামের সাথে সংসদ পরিচালনা করেছেন।

বাবার জন্য সবার কাছে দোয়া চেয়ে বক্তব্য রাখেন মরহুমের ছেলে ব্যারিস্টার নওশাদ জমির এমপি।

দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে সাবেক এই স্পিকারের লাশ তার গ্রামের বাড়ি পঞ্চগড়ে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। সংসদ প্রাঙ্গণের আগে ধানমন্ডির তাকওয়া মসজিদে বাদ জোহর মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।