সাভার (ঢাকা) সংবাদদাতা
সাভারে জাতীয় স্মৃতিসৌধে বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। গতকাল রোববার বেলা সাড়ে ১১টার দিকে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান তিনি।
শ্রদ্ধা নিবেদন শেষে স্মৃতিসৌধের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। এরপর বেলা ১১টা ৪৫ মিনিটে তিনি জাতীয় স্মৃতিসৌধ ত্যাগ করেন।
স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর তিনি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের জন্য ঢাকার উদ্দেশে রওনা দেন।
উল্লেখ্য, স্বাস্থ্যগত কারণ দেখিয়ে ২৪ জুলাই মো: সাহাবুদ্দিনের পদত্যাগের পর সংবিধান অনুযায়ী ভারপ্রাপ্ত রাষ্ট্রপতির দায়িত্ব গ্রহণ করেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।
এ দিকে সাভার পৌরসভার বিএনপির সাধারণ সম্পাদক বদিউজ্জামান বদি ও আশুলিয়া থানা বিএনপির সেক্রেটারি আব্দুল গফুরের নেতৃত্বে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা সকাল থেকেই স্মৃতিসৌধ এলাকায় ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে স্বাগত জানানোর জন্য অবস্থান করেন।
ইউএনওপিএসের প্রতিনিধিদলের সাক্ষাৎ, এসডিজি বাস্তবায়নে সংসদের ভূমিকা জোরদারে অঙ্গীকার
টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বাস্তবায়নে জাতীয় ও স্থানীয় পর্যায়ের সমন্বিত উদ্যোগকে আরো এগিয়ে নিতে জাতিসঙ্ঘের প্রকল্প সেবা কার্যালয় (ইউএনওপিএস) আয়োজিত জাতীয় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদানের আমন্ত্রণ গ্রহণ করেছেন বাংলাদেশ জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। এ সময় তিনি এসডিজির লক্ষ্য অর্জনে সংসদ ও সরকারের অঙ্গীকারের বিষয়টি পুনর্ব্যক্ত করেন।
গতকাল রোববার জাতীয় সংসদে ভারপ্রাপ্ত স্পিকারের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ইউএনওপিএস বাংলাদেশ ও ভুটানের কান্ট্রি ম্যানেজার সুধীর মুরালিধরনের নেতৃত্বে সংস্থাটির একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদল।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল আগামী ৮ আগস্ট ঢাকার মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিতব্য ‘এসডিজি স্থানীয়করণ বিষয়ক জাতীয় প্রচার অনুষ্ঠান’-এ প্রধান অতিথি হিসেবে যোগদানের আনুষ্ঠানিক আমন্ত্রণপত্র ভারপ্রাপ্ত স্পিকারের হাতে তুলে দেয়। ব্যারিস্টার কায়সার কামাল আমন্ত্রণ সাদরে গ্রহণ করেন এবং অনুষ্ঠানে উপস্থিত থাকার সম্মতি জানিয়ে প্রতিনিধিদলকে ধন্যবাদ জানান।
বৈঠকে দেশের নারী উন্নয়নের ধারাবাহিক অগ্রগতির বিষয় তুলে ধরে ভারপ্রাপ্ত স্পিকার বলেন, বাংলাদেশে নারী শিক্ষা ও রাজনৈতিক ক্ষমতায়নের সুদৃঢ় ভিত্তি স্থাপন করেছিলেন তিনবারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সেই ধারাবাহিকতায় বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সমতাভিত্তিক সুশাসন প্রতিষ্ঠা এবং কার্যকর ও শক্তিশালী নেতৃত্ব নিশ্চিত করতে যুগোপযোগী ও দূরদর্শী পদক্ষেপ গ্রহণ করে চলেছেন। তার এসব উদ্যোগ জাতিসঙ্ঘের এসডিজি বাস্তবায়নের মূল উদ্দেশ্যের সাথে সামঞ্জস্যপূর্ণ বলেও তিনি উল্লেখ করেন।
এ সময় এসডিজির বিভিন্ন লক্ষ্য বাস্তবায়নে জাতীয় সংসদ, সরকার, উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান এবং স্থানীয় পর্যায়ের অংশীজনদের মধ্যে আরো কার্যকর সমন্বয়ের ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিনিধিদল বাংলাদেশে এসডিজি স্থানীয়করণ কার্যক্রম এগিয়ে নিতে ইউএনওপিএসের চলমান উদ্যোগ সম্পর্কে ভারপ্রাপ্ত স্পিকারকে অবহিত করে।



