কানাডায় প্রবেশের অনুমতি পেলেন না এলিয়ে ওয়াহি

Printed Edition

ক্রীড়া ডেস্ক

বিশ্বকাপ ২০২৬-এর গুরুত্বপূর্ণ সময়ে বড় ধাক্কা খেল আইভরি কোস্ট। দলের ফরোয়ার্ড এলিয়ে ওয়াহি কানাডায় প্রবেশের অনুমতি না পাওয়ায় জার্মানির বিপে গ্রুপ পর্বের ম্যাচে খেলতে পারবেন না।

২৩ বছর বয়সী এই ফুটবলার বর্তমানে ওজিসি নাইসের হয়ে খেলেন। সম্প্রতি ফ্রান্সে তাকে ঘিরে স্পট-ফিক্সিং অভিযোগ সামনে আসে। অভিযোগ অনুযায়ী, গত মে মাসে এফসি মেট-এর বিপে ম্যাচে ইচ্ছাকৃতভাবে হলুদ কার্ড নেয়ার মাধ্যমে বাজির বাজারকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। স্পট-ফিক্সিং বলতে ম্যাচের নির্দিষ্ট ঘটনা ইচ্ছাকৃতভাবে ঘটিয়ে অবৈধভাবে লাভবান হওয়ার সুযোগ তৈরি করাকে বোঝায়।

ফ্রান্সের মার্সেই প্রসিকিউটর কার্যালয় নিশ্চিত করেছে, তদন্তের অংশ হিসেবে লিগ ওয়ানের এক ২৩ বছর বয়সী ফুটবলারকে আটক করা হয়েছিল, যদিও আনুষ্ঠানিকভাবে নাম প্রকাশ করা হয়নি। পরে লিগ কর্তৃপক্ষ জানায়, ওয়াহিকে ঘিরে অস্বাভাবিক পরিমাণ বাজির তথ্য তাদের নজরে এসেছে।

তবে আইভরি কোস্ট ফুটবল ফেডারেশন জানিয়েছে, তাদের কাছে এখন পর্যন্ত ওয়াহির বিরুদ্ধে কোনো আনুষ্ঠানিক বিচারিক বা প্রশাসনিক নোটিশ পৌঁছায়নি। একই সঙ্গে তারা খেলোয়াড়ের প্রতি সমর্থন ও আস্থা পুনর্ব্যক্ত করেছে।