নিরপেক্ষ তদন্তের দাবি বিআরজেইউর

সাংবাদিক পুলক চ্যাটার্জির ৫টি সুইসাইড নোট উদ্ধার

Printed Edition

বরিশাল ব্যুরো

বরিশাল প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক ও দৈনিক সমকালের সাবেক ব্যুরো প্রধান পুলক চ্যাটার্জির অন্তেষ্টিক্রিয়া সম্পন্ন হয়েছে। শনিবার বরিশাল প্রেস ক্লাবে কফিনে শ্রদ্ধানিবেদন শেষে বিকেলে বরিশাল মহাশ্মশানে তার শেষকৃত্য সম্পন্ন করা হয়। গত শুক্রবার সন্ধ্যায় নগরীর প্যারারা রোডে দৈনিক সমকালের বরিশাল অফিস থেকে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে পুলক চ্যাটার্জির নিজ হাতে লেখা পাঁচটি আবেগঘন ‘সুইসাইড নোট’ উদ্ধার করা হয়েছে।

উদ্ধার হওয়া সুইসাইড নোটে পুলক চ্যাটার্জি তার অসহনীয় শারীরিক অসুস্থতা, চিকিৎসা ব্যর্থতা এবং মানসিকভাবে পিছিয়ে পড়ার কথা উল্লেখ করেছেন। তিনি প্রশাসনকে কাউকে দায়ী না করে লাশ পরিবারে হস্তান্তরের অনুরোধ জানান। এ ছাড়া পৃথক চিরকুটে স্ত্রী-সন্তানকে আগলে রাখার জন্য ছোট ভাই দীপক, প্রেস ক্লাব সাধারণ সম্পাদক জাকির হোসেন এবং সহকর্মী সুমন চৌধুরীকে অনুরোধ জানান। বিশেষ করে সমকালের বর্তমান ব্যুরো প্রধান সুমন চৌধুরীর কাছে লেখা বার্তায় সমকালে তার বকেয়া পাওনা টাকা আদায় করে স্ত্রীর হাতে দেয়ার অনুরোধ জানান।

সূত্র মতে, প্রতিষ্ঠা লগ্ন থেকে সমকালের সাথে কাজ করলেও ২০২৩ সালের মে মাসে তাকে চাকরিচ্যুত করা হয়, যা থেকে তিনি গভীর হতাশায় ভোগেন।

এদিকে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ইউনিয়ন (বিআরজেইউ) এক যৌথ বিবৃতিতে পুলক চ্যাটার্জির মৃত্যুর ঘটনাপ্রবাহ, চাকরিচ্যুতি এবং দীর্ঘদিনের পাওনা টাকা আটকে থাকার বিষয়টি সমন্বিতভাবে তদন্তের দাবি জানিয়েছে। বিআরজেইউ নেতৃবৃন্দ বলেন, পাওনা টাকা পরিশোধ না হওয়া তার চিকিৎসা ও আর্থিক সঙ্কটকে কতটা প্রভাবিত করেছে এবং এতে প্রতিষ্ঠানের কোনো প্ররোচনা ছিল কি না, তা খতিয়ে দেখে দায়ীদের আইনের আওতায় আনতে হবে।

বরিশাল মহানগর পুলিশ কমিশনার আবু রায়হান মুহাম্মদ সালেহ জানিয়েছেন, উদ্ধার হওয়া সুইসাইড নোটের ওপর ভিত্তি করে বিষয়টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে।