আলজাজিরা
থাইল্যান্ড ও কম্বোডিয়া সীমান্তে চলমান সহিংসতা বন্ধে আঞ্চলিক নেতাদের চাপের মধ্যে প্রতিরক্ষা কর্মকর্তাদের নিয়ে বৈঠকে বসতে রাজি হয়েছে। যুদ্ধবিরতি রক্ষার চেষ্টায় কুয়ালালামপুরে দক্ষিণ-পূর্ব এশিয়ার পররাষ্ট্রমন্ত্রীদের বিশেষ বৈঠক শেষে সোমবার এ বৈঠকের কথা ঘোষণা করেন থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক ফুয়াংকেটকেও। তিনি জানান, আজ বুধবার থাইল্যান্ডের চান্তাবুরি প্রদেশে বিদ্যমান দ্বিপক্ষীয় সীমান্ত কমিটির আওতায় এই বৈঠক হবে।
গত জুলাইয়ে সীমান্তে সংঘর্ষ শুরুর পর আসিয়ানের বর্তমান সভাপতি মালয়েশিয়া এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় প্রথম যুদ্ধবিরতি হয়েছিল। তবে সেটি পরে ভেঙে পড়ে। তবে মালয়েশিয়ায় আঞ্চলিক বৈঠক শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় অভিযোগ করে, থাই সামরিক বাহিনী সিয়েম রিয়াপ ও প্রেহ ভিহেয়ার প্রদেশের এলাকায় যুদ্ধবিমান দিয়ে বোমা হামলা চালিয়েছে। এর জবাবে থাইল্যান্ডের সেনাবাহিনী জানায়, কম্বোডিয়া থাইল্যান্ডের ভূখণ্ডে ডজনখানেক রকেট ছুড়েছে, যার প্রতিক্রিয়ায় ব্যাংককের বিমানবাহিনী কম্বোডিয়ার দু’টি সামরিক লক্ষ্যবস্তুতে বিমান হামলা চালায়।
যুদ্ধবিরতি ভেঙে পড়ার পর থেকে ৮১৭ কিলোমিটার দীর্ঘ স্থলসীমান্তজুড়ে প্রতিদিনই রকেট ও গোলাবর্ষণের ঘটনা ঘটছে। এই সংঘর্ষ লাওসের কাছের বনাঞ্চল থেকে শুরু করে থাইল্যান্ড উপসাগরের উপকূলীয় প্রদেশগুলো পর্যন্ত বিস্তৃত হয়েছে। সীমান্তে গোলাগুলি চললেও কম্বোডিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, থাই পক্ষ যুদ্ধবিরতি কার্যকরে আন্তরিকতা দেখাবে- এ বিষয়ে তারা এখনো আশাবাদী।
অন্য দিকে থাইল্যান্ডের পররাষ্ট্রমন্ত্রী সিহাসাক সতর্ক করে বলেন, আসন্ন বৈঠক থেকে তাৎক্ষণিকভাবে যুদ্ধবিরতি না-ও আসতে পারে। আমাদের অবস্থান হলো, যুদ্ধবিরতি কোনো ঘোষণার মাধ্যমে আসে না, এটি কার্যক্রমের মাধ্যমেই বাস্তবায়ন হয়। তার মন্ত্রণালয় জানিয়েছে, দুই দেশের সামরিক বাহিনী যুদ্ধবিরতির বাস্তবায়ন, সংশ্লিষ্ট পদক্ষেপ এবং যাচাই প্রক্রিয়া বিস্তারিত আলোচনা করবে।
আসিয়ান গত জুলাইয়ে হওয়া যুদ্ধবিরতি চুক্তি পুনরুজ্জীবনের চেষ্টা করছে। এর মধ্যে থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে নতুন করে সংঘর্ষ শুরু হয়েছে। গত সোমবার ভোরে শুরু হওয়া এই সংঘর্ষ আসিয়ানের কূটনৈতিক প্রচেষ্টাকে প্রশ্নের মুখে ফেলেছে। এখন পর্যন্ত অন্তত ৪০ জন নিহত হয়েছেন। বাস্তুচ্যুত হয়েছেন প্রায় ১০ লাখ মানুষ। কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় সোমবার অভিযোগ করে, থাইল্যান্ড তাদের বান্তেয় মিয়াঞ্চে প্রদেশে এফ-১৬ যুদ্ধবিমান মোতায়েন করে চারটি বোমা ছুড়েছে।



