দ্য ইনডিপেনডেন্ট
ভারতে হিন্দুদের ধর্মান্তরিত করার চেষ্টার অভিযোগে এক খ্রিষ্টান পুরোহিতকে আটক করা হয়েছে। ম্যানচেস্টারের ‘অ্যাংলিকান এপিসকোপাল চার্চ ইন্টারন্যাশনাল’-এর ৫০ বছর বয়সী পুরোহিত পঙ্কজ দেবনুর বর্তমানে ভারতে অন্তর্বর্তী জামিনে রয়েছেন। তবে তার ওপর দেশত্যাগে নিষেধাজ্ঞা বহাল রাখা হয়েছে এবং তাকে আজ আদালতে হাজিরা দিতে হচ্ছে।
গত ৭ আগস্ট মহারাষ্ট্রের পুনেতে ‘পবিত্রনাম দেবালয়’ গির্জার ১৪১তম বার্ষিকী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন ভারতের ওভারসিজ সিটিজেনশিপ-ধারী (ওসিআই) দেবনুর। ১০ দিনব্যাপী ওই প্রার্থনা ও ধর্মীয় আলোচনা চলাকালে একদল লোক জোরপূর্বক ভেতরে প্রবেশ করে তার বিরুদ্ধে ধর্মান্তরকরণের অভিযোগ তোলে। অভিযোগকারী ব্যক্তির দাবি, হিন্দু সাংস্কৃতিক অনুষ্ঠানের কথা ভেবে তিনি সেখানে গিয়ে দেবনুরকে খ্রিষ্টধর্ম নিয়ে আলোচনা করতে শোনেন। তবে স্থানীয় আদালত স্পষ্ট জানিয়েছেন, অন্য ধর্মের মানুষদের সেখানে এনে ধর্মান্তরিত করার চেষ্টার কোনো প্রমাণ মেলেনি। ঘটনার পর পুলিশ ‘মহারাষ্ট্র ধর্মীয় স্বাধীনতা আইন ২০২৬’-এর অধীনে এফআইআর দায়ের করে।



