বিনোদন প্রতিবেদক
বাংলাদেশের কৃষ্টি ও সংস্কৃতি লালনের অঙ্গীকার নিয়ে ২০০৫ সালে যাত্রা শুরু করা বৈশাখী টেলিভিশন গতকাল সফলতার ২১ বছরে পদার্পণ করেছে। এই গৌরবময় মাইলফলক উদ্যাপনে গতকাল (২৭ ডিসেম্বর) দিনভর বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করে চ্যানেলটি। ‘২১ বছরে বৈশাখী’ শিরোনামে সরাসরি সঙ্গীতানুষ্ঠান, বিশেষ নাটক ও চলচ্চিত্রের মধ্য দিয়ে সাজানো হয়েছিল এই উৎসব।
গতকাল সকাল ৮টা ৩০ মিনিট থেকে রাত ১০টা পর্যন্ত টানা সরাসরি সঙ্গীতানুষ্ঠানের আয়োজন করা হয়। ডেপুটি হেড অব প্রোগ্রাম লিটু সোলায়মানের প্রযোজনায় এই অনুষ্ঠানটি ১০টি সেগমেন্টে বিভক্ত ছিল : ভোরের আয়োজন : আইনুন পুতুলের উপস্থাপনায় অনন্যা আচার্য্য ও মিথিলা মল্লিকের দেশাত্মবোধক গান দিয়ে দিনের শুরু হয়। এরপর রবীন্দ্র ও নজরুল সঙ্গীত নিয়ে হাজির হন অনিমা রায় ও ইউসুফ আহমেদ খান। স্বর্ণালী দিনের গান : বেলা বাড়ার সাথে সাথে দর্শকদের স্মৃতিকাতর করেন কিংবদন্তি শিল্পী খুরশিদ আলম ও চম্পা বণিক। আধুনিক ও লোকগান : নদী, অপু আমান, সাব্বির, শবনম প্রিয়াংকা, রাজীব ও শিলা দেবীর আধুনিক গানের পর শুরু হয় লোকগানের পালা। কামরুজ্জামান রাব্বী, লিটা সরকার, গামছা পলাশ ও সাদিয়া লিজার পরিবেশনা দর্শকদের মুগ্ধ করে। সন্ধ্যার বিশেষ আকর্ষণ : সন্ধ্যায় তাসনুভা মোহনা ও তাবাসসুম প্রিয়াংকার উপস্থাপনায় লিজা ও তার দল এবং সবশেষে জনপ্রিয় ফোক শিল্পী সালমা ও তার দল গান পরিবেশন করে। বেলা ১১টায় বৈশাখী টিভি কার্যালয়ে চ্যানেলটির শুভাকাক্সক্ষী, বিশিষ্ট রাজনীতিক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বৈশাখী পরিবারের সদস্যদের উপস্থিতিতে আনন্দঘন পরিবেশে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটা হয়। এ সময় দেশের গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত হয়ে বৈশাখী টেলিভিশনকে শুভেচ্ছা জানান। সঙ্গীতানুষ্ঠানের পর রাত ১০টায় প্রচারিত হয় প্রতিষ্ঠাবার্ষিকীর বিশেষ নাটক ‘স্বভাব দোষে’। সাজিন আহমেদ বাবুর পরিচালনায় মোশাররফ করিম ও তানিয়া বৃষ্টির অভিনয় দর্শকদের মাঝে ব্যাপক সাড়া ফেলে। দিনের শেষ আয়োজন হিসেবে রাত ১২টায় প্রচারিত হয় জনপ্রিয় চলচ্চিত্র ‘শিকারী’।



