বীরশ্রেষ্ঠ মহিউদ্দীনের শাহাদতবার্ষিকী পালন

Printed Edition

শিবগঞ্জ (চাঁপাইনবাবগঞ্জ) সংবাদদাতা

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদে যথাযথ মর্যাদা ও গভীর শ্রদ্ধার মধ্য দিয়ে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের ৫৪তম শাহাদতবার্ষিকী পালন হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে ছোট সোনামসজিদ প্রাঙ্গণ সংলগ্ন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর ও শহীদ মেজর নাজমুল হকের সমাধিস্থলে পুষ্পস্তবক অর্পণ করা হয়। উপজেলা প্রশাসন, বীর মুক্তিযোদ্ধা, সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, রাজনৈতিক নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেণিপেশার মানুষ শ্রদ্ধা নিবেদন করে। পরে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীরের রূহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মুনাজাত করা হয়। একই সাথে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী শহীদদের প্রতি নিবেদন করা হয় গভীর শ্রদ্ধা। এ সময় উপস্থিত ছিলেন- জেলা প্রশাসক শাহাদাত হোসেন মাসুদ, জেলা পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, বীর মুক্তিযোদ্ধা ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক শাহজাহান মিঞা, উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক আহমেদ, ওসি হুমায়ন কবিরসহ বীর মুক্তিযোদ্ধা এবং বিভিন্ন শ্রেণিপেশার মানুষ। এ দিকে শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে সোনামসজিদ গণকবর প্রাঙ্গণে পুষ্পস্তবক অর্পণ করা হয়। শেষে দোয়া মুনাজাত করা হয়। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৪ ডিসেম্বর পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে সম্মুখযুদ্ধে বীরত্বের সাথে লড়াই করে শাহাদতবরণ করেন বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দীন জাহাঙ্গীর। পরে তাকে ছোট সোনামসজিদ প্রাঙ্গণে সমাহিত করা হয়।