রাঙ্গামাটি প্রতিনিধি
পার্বত্য রাঙ্গামাটিতে স্থানীয় সাংবাদিকতা উন্নয়ন, দক্ষতা বিনিময় ও ভবিষ্যৎ কর্মপরিকল্পনায় পারস্পরিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে রাঙ্গামাটি প্রেস ক্লাব ও রাঙ্গামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (রাবিপ্রবিসাস) মধ্যে সৌহার্দ্যপূর্ণ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। দুই প্রজন্মের সাংবাদিকদের এই আলোচনাকে রাঙ্গামাটির সাংবাদিক অঙ্গনে নতুন সম্ভাবনার সূচনা হিসেবে দেখা হচ্ছে। ২০ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় রাঙ্গামাটি প্রেস ক্লাবের অতিথি কক্ষে দুই সংগঠনের নেতৃবৃন্দের মতবিনিময় হয়।
এ সময় রাঙ্গামাটি প্রেস ক্লাবের সভাপতি আনোয়ার আল হক, সাধারণ সম্পাদক মুহাম্মদ ইলিয়াস, সদস্য উছিংচা রাখাইন, সাংবাদিক বিহারি চাকমা এবং রাবিপ্রবিসাসের সভাপতি আয়নুল ইসলাম, অর্থ সম্পাদক আদিত্য চৌধুরী এবং সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক অর্ণব ঘাগ্রা উপস্থিত ছিলেন। প্রেস ক্লাব নেতৃবৃন্দ রাবিপ্রবিসাসের নতুন কমিটিকে অভিনন্দন ও অভিজ্ঞতা বিনিময়ে ও পেশাগত উন্নয়নে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করেন। তারা আশা করেন ভবিষ্যতে যৌথ উদ্যোগ, প্রশিক্ষণ, কর্মশালা ও সাংবাদিকতা উন্নয়নমূলক কার্যক্রমে দুই পক্ষ একসাথে কাজ করবে। অন্য দিকে রাবিপ্রবিসাস নেতৃবৃন্দ সংগঠনটির আন্তরিকতা, সহযোগিতা ও দিকনির্দেশনার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।


