একীভূত ৫ ব্যাংকের আমানতকারীদের চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ

Printed Edition

চট্টগ্রাম ব্যুরো

বাংলাদেশ ব্যাংকের চট্টগ্রামের আঞ্চলিক কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ ও মানববন্ধন কর্মসূচি পালন করেছে ‘সম্মিলিত ইসলামী ব্যাংক আমানতকারী অ্যাসোসিয়েশন-চট্টগ্রাম বিভাগ’। একীভূত হওয়ার প্রক্রিয়ায় থাকা পাঁচটি ব্যাংকের আমানতকারীদের স্বার্থরক্ষা, বৈষম্যমূলক সিদ্ধান্ত প্রত্যাহার এবং স্বাভাবিক ব্যাংকিং লেনদেন চালুর দাবিতে এই কর্মসূচি পালন করা হয়।

পূর্বঘোষণা অনুযায়ী গতকাল বেলা ১১টার দিকে নগরের নিউ মার্কেট মোড়ে অবস্থান নেন আমানতকারীরা। পরে সেখান থেকে মিছিল নিয়ে বাংলাদেশ ব্যাংকের মূল ফটকের সামনে অবস্থান নেন।

আমানতকারীরা জানান, বাংলাদেশ ব্যাংকের এক বিজ্ঞপ্তি অনুযায়ী আমানতের ওপর গত দুই বছরের মুনাফা কর্তন এবং মাত্র ৪ শতাংশ বিশেষ সুবিধা দেয়ার সিদ্ধান্তে প্রায় ৭৫ লাখ আমানতকারী ক্ষতিগ্রস্ত হয়েছেন। দীর্ঘ দুই বছর ধরে স্বাভাবিকভাবে আমানত উত্তোলন করতে না পারায় তারা চরম আর্থিক সঙ্কটে পড়েছেন।

বিক্ষোভে আমানতকারীরা তাদের বিভিন্ন দাবি তুলে ধরেন। এসব দাবির মধ্যে রয়েছে, ‘হেয়ার কাট’ (মুনাফা কেটে রাখা) নীতি বাতিল করে চুক্তি অনুযায়ী মুনাফাসহ মূল আমানত ফেরত দেয়া, সব ব্যাংকের মতো স্বাভাবিক লেনদেন চালু, তারল্য সঙ্কট মোকাবেলায় বিশেষ সহায়তা, মেয়াদোত্তীর্ণ এফডিআর, ডিপিএস ও এমটিডিআরের টাকা চুক্তি অনুযায়ী পরিশোধ এবং আগের চুক্তিভিত্তিক মুনাফার হার বহাল রাখার দাবি জানানো হয়।