বিনোদন প্রতিবেদক
মিতালী মুখার্জি, ভারতের গজল সম্রাজ্ঞী হলেও তিনি বাংলাদেশের মেয়ে, আমাদের গর্ব। তার জন্ম, বেড়ে উঠা ও পড়াশোনা ময়মনসিংহে। ময়মনসিংহের বিদ্যাময়ী স্কুলের ছাত্রী তিনি। মিতালী মুখার্জি বাংলাদেশে সর্বশেষ এসেছিলেন সিলেট ক্যাডেট কলেজের রি-ইউনিয়নে সঙ্গীত পরিবেশন করতে বেশ কয়েক বছর আগে। মিতালী মুখার্জি বহু গান গেয়ে এই দেশের সঙ্গীত পিপাসু শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন। বিশেষত তার কণ্ঠের ‘এই দুনিয়া এখন তো আর’, ‘জীবনের নামের রেলগাড়িটা’, ‘হবে না হবে না দেখা সজনী গো আর’, ‘কেন আশা বেঁধে রাখি’, ‘ভালোবাসা যত বড়’, ‘এ জীবন তোমাকে দিলাম’, ‘এবার যাবার বেলায়’সহ আরো বেশ কিছু গান দিয়ে তিনি যুগের পর যুগ শ্রোতা দর্শককে মুগ্ধ করে গেছেন। আর বাংলাদেশের সঙ্গীতাঙ্গনে এই প্রজন্মেরও একজন মিতালী আছে, তিনি মিতালী দাস। এরই মধ্যে তিনি গানে গানে শ্রোতা দর্শককে মুগ্ধ করেছেন। এই মিতালী দাসও মিতালী মুখার্জির গান শুনে মুগ্ধ হয়েছেন। তার গান মঞ্চেও গেয়েছেন মিতালী দাস। বছরের শেষ পর্যায়ে এসে স্টেজ শো’তে ভীষণ ব্যস্ত মিতালী। বিজয় দিবসের আগে থেকেই শুরু হয়েছে তার ব্যস্ততা। সিলেট শহরের নানান অনুষ্ঠানসহ এরই মধ্যে ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জেও স্টেজ শো’তে গানে গানে মুগ্ধতা ছড়িয়েছেন মিতালী। মিতালী জানান আগামীকাল ২২ ডিসেম্বর তিনি সুনামগঞ্জের ‘দ্যা পিস প্যালেস লাক্সারি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট’-এ আয়োজিত পিঠা উৎসবে সঙ্গীত পরিবেশন করবেন। মিতালী দাস বলেন,‘ গত ২২ নভেম্ববর থেকে মূলত চলতি বছরের স্টেজ শো’র ব্যস্ততা শুরু হয়। এরপর থেকে টানা স্টেজ শো’তেই ব্যস্ত আছি। ঈশ^রের প্রতি অসীম কৃপা। এর আগেও সুনামগঞ্জে বেশ কয়েকবার স্টেজ শো’তে গেয়েছি। আবারও আজ গাইবো প্রাণের শহর সুনামগঞ্জে। খুব ভালো লাগছে।’ এ দিকে আজ ২১ ডিসেম্বর ‘হাছনরাজা’কে নিয়ে আয়োজিত একটি অনুষ্ঠানে সিলেটের শহীদ মিনারে সঙ্গীত পরিবেশন করবেন মিতালী। উল্লেখ্য, মিতালী দাস বিপ্রদাস ভট্টাচার্য্যর কাছে অর্ধযুগ ধরে উচ্চাঙ্গ সঙ্গীতে তালিম নিচ্ছেন। এ ছাড়াও পণ্ডিত বলরাম দাস, রানা সিনহা, হিমাদ্রী বিশ^াসের কাছেও গানে তালিম নিয়েছেন তিনি। শেষ করেছেন বাংলাদেশ শিশু একাডেমি, শিল্পকলার কোর্সও। তার প্রকাশিত মৌলিক গানের মধ্যে উল্লেখযোগ্য হলো ‘আমার প্রিয় যায়’। এ ছাড়া আরো বেশ কিছু গান ইউটিউবে প্রকাশিত আছে।



