কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো আইন করা উচিত নয় :এটিএম আজহার এমপি

Printed Edition
খুলনা নগরীর আল ফারুক সোসাইটিতে জেলার দায়িত্বশীল সস্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি  :  নয়া দিগন্ত
খুলনা নগরীর আল ফারুক সোসাইটিতে জেলার দায়িত্বশীল সস্মেলনে প্রধান অতিথির বক্তৃতা করেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির এ টি এম আজহারুল ইসলাম এমপি : নয়া দিগন্ত

খুলনা ব্যুরো

জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি বলেছেন, কুরআন-সুন্নাহর সাথে সাংঘর্ষিক কোনো আইন করা উচিত নয়। নির্বাচনের সময় জনগণের ভোট পাওয়ার জন্য কুরআন-সুন্নাহবিরোধী কোনো আইন করা হবে না এবং মদিনার ইসলাম প্রতিষ্ঠার কথা বলা হয়েছিল। এখন কুরআন-সুন্নাহবিরোধী আইন করা হলে সেই প্রতিশ্রুতি কীভাবে রক্ষা হলো। নগরীর আল ফারুক সোসাইটিতে গতকাল শনিবার খুলনা জেলা জামায়াতে ইসলামীর খুলনা জেলা শাখার দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

এটিএম আজহারুল ইসলাম কুরআন-সুন্নাহবিরোধী আইনের বিরুদ্ধে জনগণকে সাথে নিয়ে আন্দোলন গড়ে তোলার ঘোষণা দিয়ে বলেন, জামায়াতের রুকন হওয়ার আগে একজন মুসলমানের মৌলিক ধর্মীয় দায়িত্ব পালনের মানসিকতা থাকতে হবে। ফরজ-ওয়াজিব পালন, হালাল-হারাম বেছে চলা, কবিরা গুনাহ থেকে বেঁচে থাকা এবং মানুষের হক নষ্ট না করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

গণভোটের রায় উপেক্ষা করলে সরকারকে জনগণের আন্দোলনের মুখে পড়তে হবে বলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, গণভোটের রায় আপাতত উপেক্ষা করে অনেক কিছু করা গেলেও শেষ পর্যন্ত জনগণ তা মেনে নেবে না। সরকার রায় বাস্তবায়ন না করলে সংসদের ভেতরে ও বাইরে আন্দোলন চালিয়ে যাওয়া হবে। তিনি দেশে বিদ্যুৎ ও গ্যাসের সঙ্কট ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার জন্য সরকারের সমালোচনা করেন।

বিশেষ অতিথির বক্তৃতায় জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার বলেন, জনগণের আকাক্সক্ষা অনুযায়ী রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদের গণভোটের রায় বাস্তবায়নে জামায়াতে ইসলামী সংসদ ও সংসদের বাইরে নিয়মতান্ত্রিক ও গঠনমূলক আন্দোলন চালিয়ে যাবে। তিনি বলেন, জুলাই সনদের মৌলিক সংস্কারগুলো বাদ দিয়ে খণ্ড খণ্ডভাবে সংবিধান সংশোধনের উদ্যোগ নেয়া হলে রাষ্ট্রের কর্তৃত্ববাদী কাঠামোর মৌলিক পরিবর্তন হবে না।

গোলাম পরওয়ার আরো বলেন, বিএনপি ক্ষমতায় গিয়ে এখন জুলাই সনদ বাস্তবায়ন ও রাষ্ট্র সংস্কারের প্রশ্ন থেকে সরে গেছে। গণভোটের রায় অস্বীকার করে তারা জনগণের সাথে দেয়া অঙ্গীকার ভঙ্গ করেছে।

জামায়াতে ইসলামীর খুলনা জেলা আমির মাওলানা এমরান হুসাইনের সভাপতিত্বে ও সেক্রেটারি মুন্সি মিজানুর রহমানের পরিচালনায় দায়িত্বশীল সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন খুলনা অঞ্চল পরিচালক অধ্যক্ষ মো: ইজ্জত উল্লাহ এমপি ও সহকারী পরিচালক মুহাদ্দিস আব্দুল খালেক এমপি। আরো বক্তৃতা করেন খুলনা মহানগর জামায়াতে ইসলামীর আমির মোহাম্মদ মাহফুজুর রহমান, সেক্রেটারি অ্যাডভোকেট শেখ জাহাঙ্গীর হুসাইন হেলাল এমপি, খুলনা অঞ্চল টিম সদস্য মাস্টার শফিকুল আলম প্রমুখ।